
শেষ আপডেট: 7 December 2023 20:10
দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীর লিজেন্ডস ক্রিকেট লিগ চলার সময় শান্তাকুমারণ শ্রীসন্থকে বলেছিলেন, ফিক্সার। মানে তিনি যে আদতেই গড়াপেটা করেছিলেন, সেটি মনে করিয়ে দিয়েছেন গম্ভীর। নাইট মেন্টর হওয়ার পর থেকে গম্ভীর নানা সময়ে নানা বিতর্ক সৃষ্টি করেছেন।
এবার পাল্টা দিলেন গম্ভীরও। তিনি অবশ্য আক্রমণাত্মক নয়, জবাব দিলেন গান্ধীগিরি ঢঙে। কেকেআর মেন্টর বলেছেন, গোটা বিশ্ব যখন দৃষ্টি আকর্ষণ করতে চায়, সেইসময় হাসাই উচিত হবে। এক্স হ্যান্ডলে এই কথা লেখার পাশে একটি সুন্দর হাসির ছবিও দিয়েছেন।
Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023
শ্রীসন্থ নাইট দলনায়ককে ‘মিস্টার ফাইটার’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আমার কোনও দোষ ছিল না। আমি বিষয়টি নিয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিতে চাই। মি. গোতি যা করেছেন, আজ না হয় কাল আপনারা জানতে পারবেন। উনি মাঠের মধ্যে যে ভাষা (ফিক্সার) ব্যবহার করেছেন সেটা আদৌ গ্রহণযোগ্য নয়। আমার রাজ্য, আমার পরিবার অনেক সহ্য করেছে। আমি আপনাদের সমর্থনে এই লড়াই চালিয়েছি। এখন কোনও কারণ ছাড়াই আমাকে হেয় করা হচ্ছে। উনি (গম্ভীর) যা বলেছেন যা ওঁর বলা উচিত নয়। আমি অবশ্যই আপনাদের জানাব উনি কী বলেছেন।“
এখানেই না থেমে শ্রীসন্থ আরও বলেছেন, “জন প্রতিনিধি হয়ে কী লাভ যেখানে আপনার নিজের সহকর্মীদের প্রতিই কোনও শ্রদ্ধাবোধ নেই? ধারাবিবরণী চলাকালীন ওঁকে যখন বিরাট সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়, উনি কোনও কথা বলেন না। আমি বিষয়টি আর বিশদে বলতে চাই না। শুধু এটুকু বলব, আমি অত্যন্ত আহত হয়েছি। আমার পরিবার, আমার প্রিয়জনেরাও আহত হয়েছেন। ওঁর কথার উত্তরে আমি একটিও কু কথা উচ্চারণ করিনি কিন্তু তারপরও উনি একইভাবে কথা বলেই চলেছিলেন।“
ভারতের প্রাক্তন পেসারের জবাবে গম্ভীর আর কথা বাড়ালেন না। তিনি যে ভারতের বিতর্কিত পেসারকে কোনও গুরুত্বই দিতে চাইছেন না, সেটি একচিলতে হাসিতেই বুঝিয়ে দিয়েছেন।
লিজেন্ডস ক্রিকেট লিগের ম্যাচে শ্রীসন্থের দল গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। ওই ম্যাচেই শ্রীসন্থকে পর পর ছক্কা এবং বাউন্ডারিতে বাইরে পাঠান গম্ভীর। ম্যাচে দুই তারকার চাউনিতেই পরিষ্কার বিতর্কের বার্তা ছিল। সেটাই দেখা গিয়েছে খেলা শেষেও।
গম্ভীর মাঠেই শ্রীসন্থকে বলেছিলেন, ‘তুমি একটা ফিক্সার, সবাই তা জানে। তাই বেশি কথা বলতে এসো না।’ যেটা শুনে শ্রীসন্থও দু’এককথা শুনিয়ে দেন। শ্রীসন্থ পরে বলেছিলেন, ‘গম্ভীর একটা ঝগড়াটে লোক, সবার সঙ্গে ঝগড়া করে। বড়দের সম্মান দেয় না। জুনিয়রদের ভাল দেখতে পারে না।’