
গ্যারেথ সাউথগেট
শেষ আপডেট: 16 July 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: অনেক আশা ছিল ইংল্যান্ড সমর্থকদের। ৫৮ বছরের ট্রফি খরা কেটে যাবে। প্রথমবারের জন্য ইউরো কাপ ঘরে আসবে। কিন্তু তা হতে দেয়নি স্পেন। ইউরো কাপ ফাইনালে তারা জিতেছে ২-১ গোলে। ২০২০-র পর ২০২৪ সালেও ফের ফাইনালে উঠে হারতে হয়েছে ইংল্যান্ডকে। এই হারের পরই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কোচ। ইংল্যান্ড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারেথ সাউথগেট।
৮ বছর ধরে ইংল্যান্ড দলের দায়িত্ব সামলেছেন গ্যারেথ। তাঁর হাত ধরেই চার বছরের মধ্যে ২ বার ট্রফি জয়ের একেবারে কাছাকাছি চলে এসেছিল 'থ্রি লায়ন্স'রা। কিন্তু প্রতিবারই তীরে এসে তরী ডুবেছে। এবারের ইউরো ফাইনাল ইংল্যান্ড হেরে যাওয়ার পরমুহূর্ত থেকেই সাউথগেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অবশেষে কাঙ্খিত খবরটাই চলে এল।
২ বার ইউরো কাপ ফাইনাল ছাড়াও ২০১৮ সালে বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। বিগত ৮ বছর দায়িত্বে থেকে দলকে ১০২ ম্যাচ খেলিয়েছেন সাউথগেট। তবে সাফল্য সেভাবে আসেইনি। তাঁর কোচিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছিল ইংল্যান্ড সমর্থকদের একাংশের মনে। কেউ কেউ বলতে শুরু করেছিলেন সাউথগেটের কোচিংয়ের ধরনের জন্যই দল হারছে। সেই সাউথগেট নিজেই পদত্যাগ করলেন।
After 102 games and almost eight years in charge, Gareth Southgate has announced he is to leave his role as manager of the #ThreeLions.
— England (@England) July 16, 2024
ইউরো কাপের ফাইনালে স্পেন কার্যত দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ডকে। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দাপট ছিল লা রোজাদেরই। দ্বিতীয়ার্ধে তারা কাঙ্খিত গোলও পেয়ে যায়। তবে ইংল্যান্ড কিছুটা খেলার গতির বিরুদ্ধেই সমতাসূচক গোলটা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হয়েছে তাঁদের।