দ্য ওয়াল ব্যুরো: একেই মনে হয় বলে রূপকথার সরণী। মাস ছয়েক আগেও নিকোলাস গ্রিভস (Chris Greaves) ছিলেন অ্যামাজন (Amazon) কোম্পানির ডেলিভারি বয়। মানুষের ঘরে ঘরে মোটরবাইক নিয়ে নানা দ্রব্য তুলে দিতেন। সেই মানুষটিই বিশ্বকাপের (World Cup) মঞ্চে ম্যাচের সেরা।
নিকোলাসের অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় চমক দিয়েছে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬ রানের দুর্দান্ত জয় পেয়েছে স্কটল্যান্ড। ব্যাট হাতে ২৮ বলে ৪৫ ও বল হাতে ১৯ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে হারানোর মূল নায়ক লেগস্পিনিং অলরাউন্ডার গ্রিভসই।
ম্যাচ শেষে অবশ্য তাঁর জীবনের গোপন গল্প বলেছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজার। তিনি সাংবাদিকদের জানিয়েছেন গ্রিভসের জীবনের আত্মত্যাগ ও পরিশ্রমের কথা।
চলতি মাসেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল গ্রিভসের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল তাঁর ক্রিকেট জীবনের দ্বিতীয় ম্যাচ।
স্কটিশ অধিনায়ক বলেছেন, ‘‘নিকোলাস সত্যিই অনেক বেশি ত্যাগ করে এই জায়গায় এসেছে। খুব বেশিদিন হয়নি অ্যামাজনের হয়ে পার্সেল ডেলিভারি করত। আর এদিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার পেল। সত্যিই দারুণ ব্যাপার।’’
দলের অধিনায়ক আরও জানিয়েছেন, স্কটল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার নয় গ্রিভস। কঠোর পরিশ্রম ও ইচ্ছেশক্তিতে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। তাঁর ভবিষ্যতও দারুণ হবে।’’
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত গ্রিভস বলেছেন, ‘‘আমরা খুবই কঠিন পরিস্থিতিতে ছিলাম। তখন মূলত কাজটা ছিল, সেখান থেকে ইনিংস পুনর্গঠন করা এবং আমরা কতদূর যেতে পারি, তা দেখা।’’