ক্লাব হোক বা জাতীয় দল—দশকজুড়ে জমে থাকা হতাশা মুছে চূড়ান্ত সাফল্যের আলো দেখেছে একের পর এক আন্ডারডগ টিম।
_0.jpeg.webp)
রাহুমুক্তি টটেনহ্যামের
শেষ আপডেট: 22 December 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: কয়েক যুগ ধরে ‘চোকার’, ‘কাছাকাছি গিয়েও পারল না’—এই জাতীয় তকমা বয়ে বেড়াতে হয়েছে। শেষ চারে উঠে, কখনও ফাইনালে টিকিট পাকা করেও মাথা নীচু করে পোডিয়ামে পা রাখা। তারপর সান্ত্বনার মেডেল গলায় ঝুলিয়ে ধীর পায়ে নেমে আসা!
২০২৫ ভুলিয়ে দিয়েছে এমন অনেক দলের যন্ত্রণা। যারা শেষমেশ মাথায় তুলেছে বহু প্রতীক্ষিত মুকুট। ক্লাব হোক বা জাতীয় দল—দশকজুড়ে জমে থাকা হতাশা মুছে চূড়ান্ত সাফল্যের আলো দেখেছে একের পর এক আন্ডারডগ টিম।
হ্যারিকেনের ঝড়: হোবার্টের প্রথম শিরোপা
তালিকার শুরুতেই হোবার্ট হারিকেনস (Hobart Hurricanes)। ১৪ বছরের অপেক্ষা। অবশেষে ২০২৪–২৫ বিগ ব্যাশ লিগ ফাইনালে ঘরের মাঠে সিডনি থান্ডারকে (Sydney Thunder) হারিয়ে প্রথমবার ট্রফি জয়। ফাইনালে মিচেল ওউইনের ৪২ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস ম্যাচের ভিত গড়ে দেয়। অধিনায়ক নাথান এলিস বল হাতে নেন ৩/২৩। এই জয়ের আগে মেলবোর্ন স্টার্স ছাড়া তারাই ছিল একমাত্র দল যারা কখনওই বিগ ব্যাশ জেতেনি। এবার গিয়েছে প্রায় দেড় দশকের অপবাদ!
টটেনহ্যামের ইউরোপ-জয়
ফুটবলে ছবিটা আরও নাটকীয়। প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে থেকে, কোনওরকমে অবনমন এড়িয়ে, ইউরোপে গিয়ে বাজিমাত! টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) জিতে নিয়েছে তাদের ইতিহাসের প্রথম ইউরোপা লিগ, পরাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে (Manchester United)। অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরোর একমাত্র গোলেই সাফল্য। ১৭ বছরের ট্রফিখরা কাটালেও, অদ্ভুতভাবে মরশুমের পরই কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলুকে (Ange Postecoglou) সরিয়ে দেয় বোর্ড—সাফল্য আর অস্থিরতা একসঙ্গেই ধরা পড়েছে স্পার্স শিবিরের অন্দরে।
প্যারিসের স্বপ্নপূরণ: অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপের আর এক প্রান্তে ইতিহাস গড়েছে প্যারিস সাঁ জারমাঁ (Paris Saint-Germain)। কোচ লুইস এনরিকের (Luis Enrique) নেতৃত্বে মিউনিখে ফাইনালে ইন্টার মিলানকে (Inter Milan) ৫–০ গোলে উড়িয়ে দিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ হাতে তুলেছে পিএসজি। কাতারি মালিকানায় বিপুল বিনিয়োগের এক দশক বাদে এই সাফল্য শুধু ক্লাব নয়, ফরাসি ফুটবলের জন্যও মাইলফলক—১৯৯৩-এ মার্সেইয়ের পর দ্বিতীয় ফরাসি চ্যাম্পিয়ন।
কোহলির কান্না, বেঙ্গালুরুর উৎসব
ক্রিকেটে আবেগের শিখর ছুঁয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ১৭ বছরের অপেক্ষা শেষে প্রথম আইপিএল ট্রফি। আমদাবাদের ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় রানে হারায় আরসিবি। ২০০৮ থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকা বিরাট কোহলি (Virat Kohli) হাতে তোলেন ট্রফি—২০১৬-র হৃদয়ভাঙা ফাইনালের স্মৃতি অবশেষে অভিশাপমুক্ত!
প্রোটিয়াদের মুক্তি ও ‘উইমেন ইন ব্লু’-র দাপট
আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বড় বার্তা দিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে ২৭ বছরের আইসিসি ট্রফির খরা ঘুচেছে। অধিনায়ক টেম্বা বাভুমার দল দেশে ফিরে পেল বীরোচিত সংবর্ধনা।
তবে বছরটাকে পূর্ণতা দিয়েছে ভারতীয় মহিলা দল (India Women)। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতে শেষপর্যন্ত শাপমোচন। ফাইনালে লরা ভোলভার্ট-নির্ভর (Laura Wolvaardt) দক্ষিণ আফ্রিকাকে হারানোর আগে, সেমিফাইনালে জেমাইমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) শতরানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে নতুন যুগের ঘোষণা ভারতের।