
শেষ আপডেট: 28 November 2023 19:25
দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি মানুষের জীবনেই বাঁক আসে। সে সাধারণ মানুষ হোন কিংবা তারকা। সেই বাঁককে আপনি কেমনভাবে দেখছেন, সেটাই আসল। কারও পেশাগত বদল হয়, কারও আবার দায়িত্ব বদল হয় অন্য ক্ষেত্রে।
খেলার মাঠেও এমনই অনেক দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি আলোচনায় এসেছে হেনরি ওলোঙ্গার জীবন। তিনি প্রাক্তন জিম্বাবোয়ের কৃষ্ণাঙ্গ পেস বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম। শিকারের ঝুলিতে রয়েছে শচীন, দ্রাবিড়, সৌরভদের উইকেটও। তিনি ছিলেন বিশ্বত্রাস পেস বোলার। যাঁর সেইসময়ের বোলিং গতি ছিল সর্বোচ্চ।
খেলার মাঠের বর্ণময় চরিত্র ছিলেন তিনি। যিনি একটা সময় জিম্বাবোয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মুগাবে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করেছিলেন সেইসময়ের অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে সঙ্গী করে। খেলা থেকে অবসর নিয়ে ৪৭ বছর বয়সি নামী প্রাক্তন পেসার ধারাভাষ্যের কাজ করেছেন। সংবাদপত্রে কলাম লেখার কাজ করেছিলেন।
যদিও এইসময়ে ওলোঙ্গা করছেন পেশাদার গায়কের কাজ। তিনি এই কাজে সারা বিশ্ব ঘুরে বেড়ান। ওলোঙ্গার একটি অনুষ্ঠানের ভিডিও সামনে এসেছে, যেখানে বিচারকরা তাঁর গায়কীতে মুগ্ধ হয়ে গিয়েছেন।
Remember Zimbabwean cricketer Henry Olonga? This is him now. pic.twitter.com/lZioL6o4wU
— Rameshwar Singh (@RSingh6969a) November 27, 2023
ঝাঁকরা চুলের সেই ওলোঙ্গা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘বর্তমানে আমি পেশাদার গায়ক। আমার জীবন সঙ্গীতে পরিপূর্ণ। চলতি মাসেই আমি ২টি শো করেছি, আমার একক পারফরম্যান্স ছিল। শুধু আমি এবং দর্শকরা সেখানে ছিলাম। জিম্বাবোয়ে ক্রিকেট থেকে সরে যাওয়ার পর আমি অনেক কিছু করেছি।’
ওলোঙ্গা ওই সাক্ষাৎকারে আরও জানান, তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পরিবারকে নিয়ে সুখে রয়েছেন। বিধ্বংসী পেস বোলার আরও বলেন, ‘ক্রিকেট ছেড়ে দেওয়ার পর আমার জীবনের মোড় অন্য দিকে ঘুরে গিয়েছে। আমার ১২ ও ১০ বছর বয়সি দুই মেয়ে রয়েছে। আমার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক। আমিও নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছি।’
ওলোঙ্গার আরও একটি স্বপ্ন রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে সেই দেশের হয়ে মাস্টার্স অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে অংশ নেবেন। এমনিতেই তাঁর জীবনে ১৮০ ডিগ্রি বাঁক এসেছে, ফের অন্যকিছু করলে তিনি হয়ে উঠবেন ব্যতিক্রমের ব্যতিক্রমী।