
মেসি ও সুয়ারেজ
শেষ আপডেট: 15 April 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: গোটা ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা, ২০২৬ বিশ্বকাপে (2026 World Cup) কি খেলবেন লিওনেল মেসি (Lionel Messi)? তাঁর দেশ আর্জেন্টিনা (Argentina) ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। তাই কেরিয়ারের গোধূলি লগ্নে পৌঁছনো ৩৭ বছরের মেসিকে নিয়েও আলোচনা এখন তুঙ্গে।
কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ হয়েছে ফুটবলের রাজপুত্রের। ক্যাবিনেটে এসেছে বিশ্বকাপ। এবার কি তাহলে আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মেসি?
ফুটবলে যা কিছু অর্জন করার ছিল সবই হয়ে গিয়েছে। কিন্তু যে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে এত আলোচনা, এত প্রশ্ন, তিনি কিন্তু অবসর নিয়ে কোনও সাড়া শব্দ দিচ্ছেন না। এ যেন অনেকটা ‘যাঁর বিয়ে তাঁর দেখা নেই, পাড়াপড়শীর ঘুম নেই।’
২০২৬ বিশ্বকাপে কি খেলবেন তিনি। এই প্রশ্নের উত্তরে সময় হলেই জানবেন, এমনটা বলেই পাশ কাটিয়ে যান এলএম টেন। তবে, মানুষের মনের কথা জানা না গেলেও কিছুটা হলেও আঁচ পাওয়া যায় তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের থেকে। মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ (Louis Suarez)। একসঙ্গে বহুবছর খেলেছেন বার্সেলোনায়। এখন ইন্টার মায়ামির হয়েও যুগলে মাঠ মাতাচ্ছেন। একসঙ্গে থাকার কারণেই মেসির মনের কথা আন্দাজ করতে পারেন সুয়ারেজ। সম্প্রতি প্রিয় বন্ধুকে নিয়ে একটা বার্তা দিয়েছেন এই উরুগুয়ের স্ট্রাইকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজের কাছে মেসির অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। এমন প্রশ্ন শুনে ৩৮ বছর বয়সি স্ট্রাইকার বলেছেন, ‘অবসর? আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির। অবসরের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করি না।’
তবে অবশ্য শুধু সুয়ারেজ নন, প্রিয় লিওকে ২০২৬ বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও। এখন দেখার মেসি কী সিদ্ধান্ত নেন, কারণ ওই অধিকার যে শুধু তাঁরই।