
কলকাতা ডার্বির চিরাচরিত উন্মাদনা এবারও থাকবে।
শেষ আপডেট: 22 June 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ১৩ জুলাই। সেদিন যুবভারতীতে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার আইএফএ-র ফিক্সচার কমিটি লিগের প্রথম পর্যায়ের সূচি ঘোষণা করেছে।
এবারও কলকাতা লিগে দুই প্রধানের জুনিয়র দল খেলবে। আইএসএলের লক্ষ্যে দুই বড় দলই রিজার্ভ বেঞ্চের দল নামাবে। মহামেডান ও ভবানীপুর অবশ্য পুরো শক্তির দল নিয়ে খেলতে নামবে।
প্রিমিয়ার লিগে ২৫ জুন মহামেডান খেলতে নামবে উয়াড়ির বিরুদ্ধে। কলকাতার দুই প্রধানের মধ্যে মোহনবাগান ২৮ জুন নামলেও তারা সেদিন বাই পাবে। ৩০ জুন ইস্টবেঙ্গল তাদের নিজেদের মাঠে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলতে নামবে। কলকাতা লিগে এবার অনেক চমক থাকবে, সেটি জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি অনেক সীমাবদ্ধতার মধ্যেও বাংলার ফুটবলের মরা গাঙে জোয়ার আনার চেষ্টা করছেন।
তিনি রেফারিদেরও কর্মশালা করেছেন। রেফারিদের মান্নোয়ণন চাইছেন তিনি। পাশাপাশি কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠানেও নানা আকর্ষণ থাকবে। তিনি লিগের ট্রফির নকশারও বদল চান।
প্রতিবার কলকাতা লিগের সূচি হলেও বিভিন্ন কারণে তার বদলও হয়। অনেক সময় বড় দল প্রতিবাদ করে সূচির বিন্যাস নিয়ে। এবারও সেই চ্যালেঞ্জ থাকছে। তারমধ্যেও সূচি অপরিবর্তিত রাখার চ্যালেঞ্জ নিয়েছেন আইএফএ সচিব। ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রিমিয়ার লিগের সূচি করা হয়েছে। গতবার লিগ চ্যাম্পিয়ন মহামেডানই শেষ ম্যাচ খেলতে নামবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে।