
ফ্লোরিডার মাঠে জল সরানোর কাজ চলছে।
শেষ আপডেট: 13 June 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে কি ফ্লোরিডা থেকে ম্যাচ সরছে? এই নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। কারণ আমেরিকার এই শহরে প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। যে মাঠে খেলা হবে, সেখানে জল থৈ থৈ করছে। পুরো আউটফিল্ডকে মনে হচ্ছে পুকুর। হড়পা বানে ভাসছে হোটেল, দোকানপাট, হাসপাতাল চত্বর।
এই পরিস্থিতিতে ভারতসহ বাকি চারটি দলের খেলা কী করে হবে, সেই নিয়ে চিন্তায় বিশ্বকাপের আয়োজকরা। ভারতীয় দলের অবশ্য চিন্তার কোনও বিষয় নেই। তারা শনিবার কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে। রোহিত শর্মার দল সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। তাদের ম্যাচ ভেস্তে গেলেও সমস্যা হবে না। কিন্তু পাকিস্তান দলের শিরেসংক্রান্তি। আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড ও পাক দলের মধ্যে ১টি দল সুপার এইটের টিকিট হাতে পাবে। চারটি দলই সুপার এইটের দৌড়ে রয়েছে।
#URGENT : Florida Government DeSantis has declared state of emergency for Broward, Collier, Lee, Miami-Dade, and Sarasota counties due to major flooding.#Florida #Flood #USA #FlashFlood #HallandaleBeach #Miami #EmergencyWarning #Flooding #StateofEmergency pic.twitter.com/3t8155jaEW
— upuknews (@upuknews1) June 13, 2024
ফ্লোরিডা থেকে ম্যাচ সরতে পারে, তেমন সম্ভাবনাও তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। তারা বিদায়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। ফ্লোরিডার লডারহিলে ১৬ জুন পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের। সেই ম্যাচ কোনও কারণে বাতিল হলে পাক দলের বিদায় নিশ্চিত।
ভারতীয় দল নিউইয়র্ক থেকে ইতিমধ্যেই ফ্লোরিডায় পৌঁছে গিয়েছে। ভারতীয় দল যে হোটেলে উঠেছে, সেখানে জলে ডুবে গিয়েছে। ক্রিকেটাররা সবাই হোটেলের ঘরে রয়েছেন। শেষ ম্যাচ খেলতে নামার আগে প্র্যাকটিস করার কোনও সম্ভাবনা নেই কোহলিদের।