
শেষ আপডেট: 24 November 2023 14:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পরে ট্রফির ওপর পা তুলে ছবি দিয়ে মহা বিতর্কে মিচেল মার্শ। অস্ট্রেলীয় ক্রিকেটারকে এই ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। একজন ক্রিকেটার কী করে এমন আচরণ করলেন, সেই নিয়ে থানায় ডায়েরিও করা হয়েছে ওই অস্ট্রেলীয় অলরাউন্ডারের নামে।
আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট পণ্ডিত কেশব নামে এক ভদ্রলোক মিচেল মার্শের নামে এফআইআর করেছেন। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিশ্বজয়ের ট্রফির ওপর পা তুলে মার্শ ভারতীয় সংস্কৃতিকে আঘাত করেছেন। তিনি বিদেশি হতে পারেন, কিন্তু তিনি বিশ্বকাপ জিতেছেন ভারতের মাটিতে। তাঁর এই ঘটনায় দেশের নতুন প্রজন্ম প্রভাবিত হতে পারে। তিনি ওই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দফতরেও।
ওই অ্যাক্টিভিস্ট দিল্লি গেট থানায় মার্শের নামে ডায়েরি করেছেন। তিনি আরও দাবি করেছেন, ওই ক্রিকেটারকে কখনই আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। মার্শ দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মরশুমে খেলেছেন। এবারও তাঁকে রেখে দেওয়া হতে পারে।
মহম্মদ শামি অবশ্য ধিক্কার জানিয়েছেন এই ঘটনায়। ভারতীয় দলের নামী পেসারের বক্তব্য, এটা মার্শ ঠিক কাজ করেনি। যে ট্রফির জন্য ক্রিকেটারদের এত লড়াই, তাতে পা রেখে মার্শ ক্রিকেককেই অপমান করেছে।
শামি আরও বলেন, একজন ক্রিকেটার হয়ে আমার খারাপ লেগেছে বিষয়টি। এমনটা না করলেই ভাল করত। মার্শের আচরণ নিয়ে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া কোনও বিবৃতি দেয়নি।