
ভিনেশ ফোগতের বিষয়ে আজই সিদ্ধান্ত।
শেষ আপডেট: 10 August 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগত কি রুপো পাবেন? লাখ টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছে। প্যারিসের আন্তর্জাতিক আদালতে শনিবারই এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ছ’টা নাগাদ সিদ্ধান্ত হতে পারে। ভারতীয় সময়ে রাত সাড়ে ন’টায় চূড়ান্ত রায় জানানো হবে।
ভিনেশ যে রুপো পেতে পারেন, সেই বিষয়ে জানিয়েছেন ভারতের দুই আইনজীবী হরিশ সালভে ও বিদুস্পত সিঙ্ঘানিয়া। তাঁরা আন্তর্জাতিক আদালতের কাছে প্রশ্ন তুলেছেন, কেন ভিনেশকে রুপো দেওয়া হবে না? তাঁরা জানিয়েছেন, ভিনেশ সারা টুর্নামেন্টে যোগ্যতার সঙ্গে এগিয়েছেন। তিনি কোনও ছলচাতুরির আশ্রয় নেননি। তাঁর বিষয়টি বিবেচনা করা উচিত।
ভারতের বিশিষ্ট দুই আইনজীবীর কথা শুনেছেন আন্তর্জাতিক আদালতের বিচারক অ্যানাবেল বেনেট। তিনিও বিষয়টি মন দিয়ে শুনেছেন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেছেন, ভিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সন্দেহ নেই। ভিনেশ যথেষ্ট যোগ্য, কিন্তু নিয়মের বাইরে তো কেউ নন। কারণ অলিম্পিক্সের মতো মেগা আসরে নিয়মের তারতম্য করা যায় না। আর তাছাড়া এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে এক সেকেন্ডের একশোভাগের হিসেব নির্ধারণ করে সোনা দেওয়া হয়েছে, সেখানে অন্য নিয়ম চলে কী করে!
আইওসি প্রধান যে এবারের অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের কথা বলেছেন, সেটি পরিষ্কার। এবার ১০০ মিটারে নোয়া রাইলস জিতেছেন কিশানে থম্পসনকে হারিয়ে। লাইলস ও কিশানে দু’জনেই ৯.৭৯ সেকেন্ড সময় করেছেন, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের বিচারে নোয়া বাজিমাত করেছেন।
দুই আইনজীবীর সঙ্গে ছিলেন প্যারিসেরও চার আইনজীবী। মোট ছ’জন সওয়াল করেছেন ভিনেশের হয়ে। এও জানানো হয়েছে, ভিনেশকে যৌথভাবে রুপো দেওয়া হোক। তিনি দুই কেজি ওজন সততার সঙ্গে কমাতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। এখানেই বড় বিতর্ক ও নিরাশা রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিয়ম বদলে দুই কুস্তিগিরকে রুপো দিতে চান না। এখানেই বড় অনিশ্চয়তা রয়েছে ভিনেশের ক্ষেত্রে।