
শেষ আপডেট: 9 November 2023 19:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের চিরাচরিত সন্তোষ ট্রফি ফুটবলের নামকরণ বদলে গেল এবার। ফিফা সন্তোষ ট্রফি নামে আত্মপ্রকাশ করবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ফেডারেশনের জরুরি সভা ছিল। সেই বৈঠকের পরে সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, এবার থেকে সন্তোষ ট্রফি ফুটবল খুব জাঁকজমকভাবে হবে। আগে এই টুর্নামেন্ট ছিল দলবদলের প্রধান মাধ্যম। কেউ এই সর্বভারতীয় টুর্নামেন্টে ভাল খেললে তাঁকে দলে নিতে কর্তারা পৌঁছে যেতেন শিবিরে।
এখন অবশ্য সন্তোষ ট্রফি ফুটবলকে আর গুরুত্ব দেওয়া হয় না। বাংলাও সিনিয়র নামী তারকাদের বাদ দিয়ে দলগঠন সারে। বাকি দলও তাই করে।
সন্তোষ ট্রফি ফুটবল শুরু হবে ফেব্রুয়ারি মাসে। ফাইনাল ১০ মার্চ। সেদিন হাজির থাকার কথা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর। তিনি ভারতীয় ফুটবলের উন্নতির রূপরেখাও দিয়ে যাবেন, কর্তাদের সেটি দৃঢ় বিশ্বাস। চলতি মাসেই শেষের দিকে ভারতে আসবেন বিশ্ব ফুটবলের নামী কোচ আর্সেন ওয়েঙ্গার।