বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে ছেলে বৈভব
শেষ আপডেট: 26 November 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৩ বছর। চলতি বছরের আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। আইপিএল মেগা অকশনে ১.১ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়ে চমকে দিয়েছে রাজস্থান রয়্যালস। তিনি বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে তিনিই সবচেয়ে কনিষ্ঠ। ইতিমধ্যে তাঁর বয়স নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অনেকের মতে, বয়স লুকিয়েছেন এই ক্রিকেটার। কিন্তু এবার ময়দানে নেমে ছেলের পাশেই দাঁড়ালেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। স্পষ্ট জানিয়ে দিলেন কোনওরকম তথ্য গোপন করা হয়নি। ছেলের বয়স নিয়ে কেউ যদি চ্যালেঞ্জও করতে চান, সে রাস্তাও খোলা রাখলেন।
বৈভবের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "যখন ছেলের বয়স সাড়ে চার বছর, তখনই সে প্রথম বিসিসিআই-এর বোন টেস্টে অংশ নিয়েছিল। ইতিমধ্যে সে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ খেলেছে। তাই কাউকে ভয় পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। বয়স সংক্রান্ত যে কোনওরকম পরীক্ষা দিতে প্রস্তুত ছেলে।
বিহারের ক্রিকেটার বৈভব। চলতি বছর জানুয়ারি মাসে বিহারের হয়ে রনজি ডেবিউ করেন। ইতিমধ্যে তিনি বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এরপর ভারতীয় এ দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া সফরেও যান। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনি দুরন্ত একটি শতরান করেন। মাত্র ৫৮ বলে বৈভবের ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসে ১৪ চার এবং ৪ ছক্কা রয়েছে। এখনও পর্যন্ত বৈভব মোট পাঁচটি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্য়াচ খেলেছেন। ১০ ইনিংসে তিনি ১০০ রান করেন।
সঞ্জীব আরও জানিয়েছেন, 'ও এখন শুধু আমার নয়, গোটা বিহারের মানুষ ওঁকে ছেলে বলে মনে করে। আমার ছেলে অনেক পরিশ্রম করেছে। মাত্র আট বছর বয়সেই অনূর্ধ্ব-১৬ জেলা ট্রায়ালে নজর কেঁড়েছে।'
তবে এখানেই থামেননি বৈভবের বাবা। তিনি জানিয়েছেন, ছেলের এই সাফল্যের জন্য তাঁকে জমি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। তবুও আশা ছাড়েননি।