
শেষ আপডেট: 16 November 2023 23:52
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা দলের উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি’ককের এটাই শেষ বিশ্বকাপ। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ মেগা ইভেন্টে। কুইন্টন এবার স্বপ্নের ফর্মে বিরাজ করেছেন। তিনি চারটি সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন। মোট রান করেন ৫৯১।
বৃহস্পতিবার ইডেনে তিনি ব্যর্থ হলেন সবদিক থেকে। বিদায়ী মঞ্চ তাঁর সুখের হল না। তিনি প্যাট কামিন্সের ক্যাচ ফেলে দলের ফাইনালে যাওয়ার শেষ আশাও জলে দিয়েছেন। কামিন্সের ক্যাচ যখন তিনি ফেলে দিলেন, সেইসময় জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল নয় রানের। বোলার ছিলেন মাকরাম। কিন্তু ডি’কক বলের লাইনে গিয়ে কিপিং না করায় মিস করে গিয়েছেন।
কুইন্টন ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর নিলেন। তাঁর কথা বলতে গিয়ে দলের অধিনায়ক টেম্বা বাভুমার চোখেও জল।
এর আগে একইভাবে হার্সেল গিবসও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়ার ক্যাচ ফেলে ফাইনালে যাওয়ার আশা শেষ করেছিলেন। সেটি ছিল ২৪ বছর আগের কথা। এবার সেই একই ছবি। সেবারের গিবসের মতোই ডি’ককও মস্ত ভুল করলেন।
সেবার গিবস ক্যাচ মিস করায় স্টিভ ওয়া প্রোটিয়া তারকাকে বলেছিলেন, ওহে গিবস, তুমি তো বিশ্বকাপটাই হাত থেকে ফেলে দিলে! সেই কথা যেন কামিন্সও বলে গেলেন দক্ষিণ আফ্রিকার নামী তারকাকে। যিনি এবার বিশ্বকাপে ট্র্যাজিক নায়ক থেকে গেলেন।