.png)
মহামেডানের অনুশীলন (ফাইল ছবি)
শেষ আপডেট: 22 April 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গত আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল কলকাতার তৃতীয় প্রধান। আর সেই নিয়ে ব্ল্যাক প্যান্থার্স ব্রিগেডের সমর্থকদরে মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গিয়েছিল। আইএসএলের প্রথম দুই-তিনটি ম্যাচে ভাল পারফর্ম করলেও ক্রমশ ব্যর্থতার সরণিতে প্রবেশ করে শতাব্দী প্রাচীন মহামেডান ক্লাব (Mohammedan) ।
প্রধানত ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের (Investors) সমস্যাই প্রভাব ফেলে ফুটবলারদের পারফরম্যান্সে। ফুটবলারদের বেতন নিয়েও দেখা দেয় সমস্যা। টাকা না পেয়ে দেশে ফিরে যান রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। ক্লাবের বেতন সমস্যা এখনও মেটেনি। এর মধ্যেই আবার শুরু হয়ে গিয়েছে সুপার কাপ।
মরশুমের শেষ টুর্নামেন্ট সুপার কাপ (Super Cup)। সাদা-কালো ব্রিগেডের সভ্য-সমর্থকরা দলের চরম বিপদের দিনেও ক্লাবের পাশে থাকেন, এটাই ঐতিহ্য। আইএসএলে ক্রমাগত ব্যর্থতার সময়ও তাঁরা ফুটবলারদের পাশে ছিলেন। তাঁরা বারবার ক্লাব ও ইনভেস্টরদের আবেদন করেছেন সমস্যা মেটানোর জন্য। বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন। এই আবহের মধ্যেও মহামেডান সমর্থকরা (Supporters) সুপার কাপ নিয়ে স্বপ্ন দেখছেন।
তবে ময়দানের এই বড় ক্লাবের নাটকের যবনিকা পতন যেন কিছুতেই হচ্ছে না। ক্লাবের হয়ে কোন কোন ফুটবলার সুপার কাপ খেলতে ভুবনেশ্বর যাবেন, তা-ও এখনও নিশ্চিত নয়। এরই মধ্যে মহামেডান অনুশীলনে দেখা গেল এক নতুন বিদেশিকে (New Foreigner)। দিল্লি এফসিতে খেলা ক্যামেরুনের এই ফুটবলারের নাম জুনিয়র এনগুয়েনে। উইংয়ের ফুটবলার তিনি। সাদা-কালো কোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানান, এক কর্তার অনুরোধে অনুশীলনে নেমেছিলেন এই ফুটবলার। তাঁকে সুপার কাপে খেলাতে চেষ্টা করছেন সাদা-কালো কর্তারা।
আগামীকাল (বুধবার) মহামেডান ফুটবলাররা উড়ে যাবেন ভুবনেশ্বরে। সোমবার অনুশীলনে ছিলেন আইএসএল খেলা দুই বিদেশি মার্ক সামারবাক ও ফ্লোরেন্ত ওগিয়ের। তবে ওগিয়ের শেষ পর্যন্ত যাবেন কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
সুপার কাপ নিয়ে মহামেডান ক্লাবের সহ-সভাপতি কামরুদ্দিন বলছেন, “আমারা সুপার কাপ খেলব। বিদেশিরা খেলতে পারলে ভাল, না হলেও অসুবিধা নেই।” তবে মহামেডান হেডস্যার মেহরাজের চিন্তা ডিফেন্স নিয়ে। সেরকম কোনও ডিফেন্সের ফুটবলার নেই। সাদা-কালো ব্রিগেডের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড।