
অর্জুন রণতুঙ্গা
শেষ আপডেট: 11 February 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: এখনকার ভারতীয় টেস্ট টিমকে বাগে পেলে তিন দিনে হারাতাম। ব্যঙ্গের সুরে রোহিত ব্রিগেডকে এভাবেই বিঁধলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। টিম ইন্ডিয়াকে তুলোধনা করলেও শ্রীলঙ্কার ক্রিকেট দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি দেশের ক্রিকেট বোর্ডকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও তোপ দেগেছেন।
উল্লেখ্য, ওয়ান ডে ক্রিকেটে ফর্মে থাকলেও লাল বলের ক্রিকেটে মোটেও ছন্দে নেই ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন বিরাটরা। এর আগে টানা ১২ বছর দেশের মাটিতে কোনও সিরিজ হারেনি ভারত। সেই হারের জ্বালা মিটতে না মিটতেই অস্ট্রেলিয়া সফর। বর্ডার-গাভাসকার ট্রফি। সেখানে প্রথম টেস্ট জিতেও বাকি তিনটিতে পর্যুদস্ত হয় গম্ভীরের টিম।
শুধু পরাজয় নয়। ক্রিকেট ভক্তদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কোহলি, রোহিতের ফর্মও। গোটা বিজিটি সিরিজে দুজনের ব্যাটিং গড় কুড়ির গণ্ডীও পেরোয়নি। রঞ্জিতে ফর্ম পুনরুদ্ধারে নেমেছিলেন দুই তারকা। সেখানেও ব্যর্থ।
এই প্রেক্ষিতে ভারতের বর্তমান টেস্ট টিম সম্পর্কে বলতে গিয়ে অর্জুন রণতুঙ্গার দাবি, তাঁর নেতৃত্বে খেলা শ্রীলঙ্কা দল বিরাটদের বাগে পেলে হেলায় হারাতেন। ম্যাচ চারদিনও গড়াত না। তিনদিনেই জয় নিশ্চিত করতেন তাঁরা। আর এই আত্মবিশ্বাসের কারণ দলের বোলিং লাইন আপ। বিশেষত, চামিন্ডা ব্যাস ও মুথাইয়া মুরলীধরন। এই দুই বোলারই ভারতের টপ অর্ডারকে জলদি ড্রেসিংরুমে পাঠানোর জন্য যথেষ্ট। দাবি রণতুঙ্গার। তিনি বলেন, ‘মুরলী ও চামিন্ডা আমার দলে থাকলে ভারতের এই টিমকে তিনদিনে হারানো কোনও ব্যাপারই নয়।‘
পাশাপাশি শ্রীলঙ্কার এখনকার দলের বিষয়েও যথেষ্ট আশাবাদী দ্বীপরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার। রণতুঙ্গার বক্তব্য, সাম্প্রতিক শ্রীলঙ্কা টিমে প্রতিভার অভাব নেই। বেশিরভাগ খেলোয়াড়ই তাঁদের প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে টক্কর দেবেন। ব্যতিক্রম স্রেফ একটিমাত্র নাম। অরবিন্দ ডি সিলভা। অরবিন্দকে ছাড়া তাঁর দলের আর সবাই ইদানীংকালের শ্রীলঙ্কা টিমের চাইতে খুব একটা এগিয়ে নেই।
প্রতিভার ছড়াছড়ি থাকলে দেশের ক্রিকেট দলের ফর্ম এভাবে ওঠানামা করে কেন? এই বিষয়ে রণতুঙ্গার মত, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যাবতীয় দুরবস্থার জন্য দায়ী। বোর্ডের কর্তারা নীতিভ্রষ্ট, দুর্নীতিতে লিপ্ত। ফলে যখন-তখন সমস্যা দানা বাঁধে।
ভারতকে একহাত নিয়ে শ্রীলঙ্কার বন্দনা গাইলেও দেশের ক্রিকেট অনুরাগীদের পুরোপুরি নিরাশ করেননি রণতুঙ্গা। বিশেষ করে, বিরাট কোহলিকে নিয়ে এখনও আশা দেখছেন তিনি। ফর্মে যে কোনও দিন ফিরতে পারেন ভারতের তারকা ক্রিকেটার। শুধু চাই একটি বা দুটি ভাল ইনিংস। আর এর জন্য বিরাট কোহলির উচিত রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার কিংবা দিলীপ বেঙ্গসরকারের মতো প্রাক্তন ব্যাটসম্যানের পরামর্শ নেওয়া। ফর্ম হাতড়ে চলা বিরাটকে এমনই পরামর্শ অর্জুনের।