
প্রাক্তন গোলরক্ষক ভুবনের বই প্রকাশ অনুষ্ঠানে মিহির বসু, শান্তি মল্লিক, রহিম নবিরা।
শেষ আপডেট: 26 July 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: নিজেই রেকর্ড গড়েন, নিজেই সেটি ভাঙেন। একটা সময় ময়দানের জায়ান্ট কিলার দলে খেলে বড় দলকে আটকে দিতেন গোলের নিচে দাঁড়িয়ে। সেই ভুবন চট্টোপাধ্যায় নিজের সুরসৃষ্টি দিয়ে অনন্য নজির গড়লেন।
কলকাতা ময়দানে ফুটবলারদের মধ্যে জনপ্রিয় গায়কের ভূমিকায় দেখা গিয়েছে তরুণ দে, সন্দীপ মুন্সিদের। তাঁরা যা করে দেখাতে পারেননি, ভুবন বাকিদের টেক্কা দিয়েছেন নিজের চেষ্টায়, সংকল্পে। তিনি বই লিখেছেন ক্রীড়াবিদদের নিয়ে। নিজে আত্মজীবনী প্রকাশ করেছেন। পাশাপাশি কবিতার বই লিখেও চমক দেখিয়েছেন। তাঁর পাশে থেকে শিল্পকে এগিয়ে নিয়ে গিয়েছেন স্ত্রী কাকলি চট্টোপাধ্যায়ও।
সম্প্রতি এই প্রাক্তন গোলরক্ষকের ভুবনের ভাবনা বইটির আনুষ্ঠানিক উদ্বোধনে দেখা গিয়েছে চাঁদের হাট। সেই তালিকায় ছিলেন ভুবনের একদা সতীর্থ মিহির বসু থেকে মহিলা ফুটবলের অর্জুন শান্তি মল্লিক, নামী তারকা রহিম নবি থেকে ক্রীড়া ধারাভাষ্যকার প্রদীপ রায় প্রমুখ।
এর আগে ভুবন গানের নানা সিডি প্রকাশ করেছেন খ্যাতনামা ক্রীড়াবিদদের নিয়ে। সেইসময়ও পাশে ছিলেন নামী তারকারা। এবারও রবীন্দ্র ওকাকুরা ভবনে তারকাদের উপস্থিতিতে এই সন্ধ্যাও উজ্জ্বল হয়ে উঠেছিল।