
রবীন উথাপ্পা
শেষ আপডেট: 21 December 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নিজের সংস্থার কর্মীদের পিএফ-এর টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। উথাপ্পাকে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না দিতে তিনি গ্রেফতার হতে পারেন।
বেঙ্গালুরুর এক পোশাক সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন রবীন উথাপ্পা। সেই সংস্থা ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকার কারচুরি করেছে বলেই অভিযোগ এবং এই টাকা উদ্ধার করা হবে সংস্থার ডিরেক্টরের থেকে। আঞ্চলিক পিএফ কমিশনার সাদাক্ষরী গোপাল রেড্ডি জানিয়েছেন, গত ৪ তারিখ এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উথাপ্পাকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাঁকে ২৪ লক্ষ টাকা দিতে হবে। না দিলে তাঁকে গ্রেফতার করা হবে।
প্রাক্তন এই কেকেআর তারকার বিরুদ্ধে মূল অভিযোগ, সংস্থার কর্মীদের বেতন থেকে পিএফ বাবদ মাসের পর মাস টাকা কেটেছেন তিনি কিন্তু পিএফ অ্যাকাউন্টে তা জমা পড়েনি। এই কারণে কর্মীরা তাঁদের পাওনা পিএফ-এর টাকা পাচ্ছেন না। আর সংস্থার থেকে পিএফ-এর টাকা অ্যাকাউন্টে জমা না করলে সেই টাকা পাবেন না কর্মীরা। তাই উত্থাপ্পাকে ২৭ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই টাকা মেটানোর জন্য।
দেশের হয়ে ৫৯টি ম্যাচ খেলেছেন রবীন উথাপ্পা। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে বেশ সাফল্য পেয়েছেন তিনি। কলকাতার হয়ে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি জিতেছিলেন আইপিএল ট্রফিও। পরে তাঁকে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়েও খেলতে দেখা যায়।