দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীন আক্রমণ করল ইংল্যান্ডের হুলিগানরা। তাদের দল ইউরো ফাইনালে হারের পরে সব হতাশা গিয়ে পড়েছে ইতালি সমর্থকদের ওপর। খেলা শুরুর আগেই ইতালির পতাকা মাটিতে ফেলে মাড়িয়ে দিয়েছিল তারা। এমনকি মাঠে প্রবেশ করে ইতালির সমর্থকদের নির্দিষ্ঠ আসনে গিয়ে তারা বসে পড়ে। এই নিয়ে বচসা পর্যন্ত হয়েছে, তাতে অবশ্য ইংল্যান্ডের সমর্থকদের কোনও হেলদোল ছিল না।
‘ফুটবল ইজ কামিং হোম’-এটা ভাবতে গিয়ে কিছুই যেন মাথায় নেই ইংলিশ সমর্থকদের। ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরু আগে ইংল্যান্ডের সমর্থকদের একটা অংশ রাস্তায় বসে মদ্যপান করেন। এমনকি এমনভাবে চিৎকার করছিলেন, তাতে বাকিদের সমস্যা হয়েছে। এমনভাবে তারা রাস্তায় সারিবদ্ধভাবে ছিলেন, তাতে যানজট হয়ে যায়।
বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল দর্শক নিরাপত্তা প্রাচীর টপকে মাঠের মূল গেটের সামনে চলে আসেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইংল্যান্ড ফুটবল সংস্থা। তারা জানিয়েছে, কাউকে বৈধ কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হয়নি।
ওয়েম্বলির একজন মুখপাত্র সরকারীভাবে বলেন, ‘‘স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা প্রাচীরের কাছে একটা ঘটনা ঘটেছে। তবে পুলিশের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। প্রয়োজনীয় জায়গায় আমরা দ্রুত নিরাপত্তা বাড়িয়েছি। নিরাপত্তা ভঙ্গ করে কেউ টিকিট ছাড়া স্টেডিয়ামের ভেতর ঢুকতে পারেনি।’’
https://twitter.com/BoriaMajumdar/status/1414448513509838849
তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিরাপত্তা প্রটোকল ভেঙে শত শত সমর্থক মাঠে ঢুকেছেন। তারা সিট দখল করেছেন। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, মাঠের ভেতর টিকিট নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। অনেকেই টিকিট নিয়ে ভেতরে ঢুকে দেখতে পেয়েছেন তাদের সিটে অন্য কেউ বসে আছেন।
প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, কিছু নিরাপত্তাকর্মীর ওপরও আক্রমণ করা হয়েছিল এবং দ্রুত স্টেডিয়াম কর্তৃপক্ষ সেগুলি বন্ধ করে দেয়।
ইংল্যান্ড সমর্থকরা ‘সুইট ক্যারোলিন’ এবং ‘থ্রি লায়ন্স’দের থিমসঙ গাইছিলেন। সেইসময়ই মেজাজ দেখিয়ে চড়াও হয় বিপক্ষ সমর্থকদের ওপর। তাদের এমনভাবে নিগ্রহ করেছে, অনেকেই আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়।