দ্য ওয়াল ব্যুরো: একদিকে ছিল হ্যারি কেনের অপ্রতিরোধ্য ইংল্যান্ড দল। অন্যদিকে এই বিশ্বকাপে সবথেকে কম গোল খাওয়া সুইডেনের ডিফেন্স। হ্যারি কেন গোল না পেলেও সুইডেন দুর্গ ভাঙতে সফল হলেন ব্রিটিশ ফুটবলাররা। ২-০ গোলে জিতে সেমি ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।
খেলার শুরু থেকেই আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। দু প্রান্ত ধরে আক্রমণ করেও সুইডেনের জমাট ডিফেন্স ভাঙতে পারছিলেন না ডেলে অলি, স্টারলিংরা। অন্যদিকে নিজেদের ডিফেন্স জমাট রেখে প্রতি আক্রমণে উঠছিল সুইডেন। এর মধ্যেই ৩০ মিনিটের মাথায় কর্নার থেকে জোরালো হেডে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি ম্যাকগুয়ার। প্রথমার্ধের শেষদিকে স্টারলিংয়ের স্বার্থপর খেলার জন্য সহজ সুযোগ নষ্ট করে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য কিছু আক্রমণ তুলে আনে সুইডেন। কিন্তু গোল করতে পারেনি তারা। অন্যদিকে প্রতি আক্রমণের সুযোগ নিয়ে বেশ কয়েকবার গোল করার জায়গায় পৌঁছে যান হ্যারি কেন। কিন্তু গোল আসেনি। ৫৮ মিনিটের মাথায় ফের ফ্রিকিক থেকেই হেডে গোল করে ব্যবধান বাড়ান ডেলে আলি। এরপর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি সুইডেন।
এই জয়ের ফলে ২৮ বছর পর ফের বিশ্বকাপের শেষ চারে পৌঁছাল ইংল্যান্ড। রাশিয়া বনাম ক্রোয়েশিয়া ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলা হবে তাদের। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল সুইডেনের।