
শেষ আপডেট: 8 November 2023 21:49
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারাল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার ইংল্যান্ড কলকাতায় ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
টানা পাঁচ ম্যাচ হারের পরে ব্রিটিশ দল জয় পেল। এই জয়ের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা জাগাল।
৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩৭.২ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ১৬০ রানের বড় জয়ে বাটলারের দল সাতে চলে এল। বাংলাদেশ চাপে পড়ে গিয়েছে। তারা প্রথম আটে থাকবে কিনা সন্দেহ।
ইংল্যান্ডের এই মসৃণ জয়ে অবদান বেন স্টোকসের। তিনি ৮৪ বলে ১০৮ রান করেছেন। ইনিংসে ছয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি রয়েছে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বারেসির জীবন ফিরে পান জো রুটের ক্যাচ মিস হওয়ায়। তবে ব্রেকথ্রু পেতে ইংলিশদের বেশি দেরি হয়নি।
ইনিংসের পঞ্চম ওভারে ক্রিস ওকসের ৫ রান করে আউট হন ম্যাক্স ডি’অড। এর ঠিক পরের ওভারেই শূন্য রান করে উইলির বলে আউট হন অ্যাকারম্যান। আদিল রশিদ ও মঈন আলির ঘূর্ণি জাদুতে মাত্র ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।
ইংল্যান্ডের পক্ষে মঈন আলি ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন। এর আগে ব্যাটিংয়ে নেমে একটা সময় ১৯২ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। সেই পরিস্থিতি থেকে বেন স্টোকস সেঞ্চুরি করে দলকে টেনেছেন।
পুনেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দলীয় ৪৮ রানে জনি বেয়ারস্টো (১৭ বলে ১৫) ফিরলেও একটা সময় ১ উইকেটে ১৩৩ রান ছিল ইংল্যান্ডের বোর্ডে।
১৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন স্টোকস। সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ৮১ বলে ১২৯ রানের ঝোড়ো জুটি গড়েন এই অলরাউন্ডার।