
শেষ আপডেট: 26 October 2023 17:35
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে শনিবার লক্ষ্মীপুজোর দিন ম্যাচ রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। ওই ম্যাচের দু’দিন আগে বিপত্তি স্টেডিয়ামে। স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে দেওয়ালটি ভেঙে গিয়েছে ক্রেনের ধাক্কায়।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুপুর ২টো নাগাদ। স্টেডিয়ামের পাঁচিলের পাশে থাকা একটি ক্রেন ধাক্কা মারে, দেওয়ালটি ভেঙে যায়। বড় কর্তাদের দেখা যায় ঘটনাস্থলে চলে আসতে। তাঁরা নির্দেশ দেন যত শীঘ্র সম্ভব দেওয়ালটি পুনর্নির্মাণ করার জন্য।
যে দেওয়ালটি ভেঙেছে, তার পাশ দিয়েই দর্শকরা মাঠে প্রবেশ করেন। তাই সঙ্গে সঙ্গে সংস্কারও শুরু হয়ে যায়। তবে ওই বড় দেওয়ালটি দু’দিনের মধ্যে ঠিক করা যাবে কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
এমনিতেই ইডেনে বিশ্বকাপের ম্যাচে সদস্যদেরও অনলাইনে টিকিট কাটতে হচ্ছে। এই নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে। কারণ সিএবি-তে সদস্যদের বার্ষিক চাঁদা ২৫ হাজার টাকা। ওই টাকা দেওয়ার পরেও তাঁদের কেন অনলাইনে টিকিট কাটতে হবে, সেই নিয়ে তাঁরা ধর্নার হুমকিও দিয়েছেন। সিএবি থেকে বলা হয়েছে, মোট তিনহাজার টিকিট আগে এলে আগে পাবে ভিত্তিতে দেওয়া হবে।
এদিকে, বাংলাদেশ দল ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছে। তারা উঠেছে মধ্য কলকাতার হোটেলে। নেদারল্যান্ডস দল আসবে শুক্রবার। দুটি দলই ইডেনে দুপুরে প্র্যাকটিস করতে নামবে।