
শেষ আপডেট: 31 October 2023 17:42
দ্য ওয়াল ব্যুরো: ইডেন বরাবরই ভাল ক্রিকেটের পাশে থাকে। যারা ভাল খেলে, তাদের জন্য গলা ফাটায়। কিন্তু মঙ্গলবার ক্রিকেটের নন্দনকানন এক অদ্ভুত পরিস্থিতির শিকার হল। কাদের পাশে থাকবে? কাদের জন্য সমর্থনের হাত বাড়িয়ে দেবে।
ইডেনে এদিন প্রায় ৩০ হাজার দর্শকের জমায়েত হয়েছিল। মাঠে মোট ৬৭ হাজার দর্শকাসন, তার মধ্যে অর্ধেক ভর্তি হয়েছে গ্যালারি। সিএবি কর্তারা বেশ খুশি। তাঁরা অবশ্য তাল ঠুকছেন রবিবার মেগা ম্যাচের জন্য। সেদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে। মাঠ পুরো ভরে যাওয়ার অপেক্ষা।
এদিন অবশ্য ইডেন পাশে ছিল বাংলাদেশের। দুপুরে খেলা শুরুর আগেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। রবি ঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...’ সঙ্গীতের সময় ইডেনের দর্শকরাও গলা মেলালেন।
পাকিস্তানের বিধ্বংসী পেসার শাহিন আফ্রিদি যখন আগুনে স্পেল করছেন, সেইসময় ইডেনে আর্তনাদ। বাংলাদেশের উইকেট যাচ্ছিল, মুষড়ে পড়ছিল সারা মাঠ। তারা বাংলাদেশের লড়াই আশা করেছিল। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে চলল প্রায়, এখনও শাকিবদের খেলায় সেই আত্মবিশ্বাস নেই।
২৩ রানে বাংলাদেশের তিন উইকেট পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশকে টেনেছেন লিটন দাস (৪৫), মাহমুদ্দোলা (৫৬) ও শাকিব আল হাসান (৪৩)। ইডেনে একটা বিষয় পরিষ্কার, ক্রিকেট প্রেমে কোনও খাদ নেই। কিন্তু সমর্থনের প্রশ্নে বাংলাদেশের পাশে।
ওপার বাংলার বহু মানুষ এদিন ইডেনে ছিলেন। কাঁটাতার পেরিয়ে এ দেশে আসা মানুষগুলোর মুখগুলোই বলে দিচ্ছিল তাঁরা এখনও শিকড়ের টান ভোলেনি।