
শেষ আপডেট: 9 April 2024 21:45
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল বুধবার শেষ পরীক্ষায় নামছে দিল্লিতে। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এই ম্যাচে লাল হলুদ দলকে জিততেই হবে। জিতলে তাও প্লে অফে যাওয়ার একটা আশা থাকবে। হারলে এবারও বিদায় নিতে হবে আইএসএল থেকে।
তার মধ্যে মঙ্গলবার আইএসএলের ম্যাচে চেন্নাইয়িন এফসি ২-১ গোলে হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। চেন্নাইয়ের ২১ ম্যাচে ২৭ পয়েন্ট, অপরদিকে ক্লেইটন সিলভাদের ২১ ম্যাচে ২৪ পয়েন্ট। শেষ ম্যাচে চেন্নাইকে হারতে হবে, তবেই সুবিধে হবে লাল হলুদ দলের।
গত পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগান দিল্লির ফাঁকা গ্যালারির সামনে খেলেছিল। বড় দলের প্রাণশক্তি তাদের সমর্থকরা। সেই শক্তি ছাড়া খেলতে নামতে হবে ইস্টবেঙ্গল দলকেও।
সেই প্রসঙ্গে দলের কোচ জানিয়েছেন, ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেললে দলের ফুটবলারদের নিজেদের উদীপ্ত করতে সমস্যা হয়। কিন্তু কিছু করার নেই। আমাদের জয় ছাড়া কোনও লক্ষ্য নেই।
ইস্টবেঙ্গল টুর্নামেন্টের শেষদিকে এসে জ্বলে উঠেছে। গত বেঙ্গালুরু ম্যাচে জয়ের পরে চাঙ্গা লাল হলুদ শিবির। এই ম্যাচে অবশ্য কোচ পাবেন না দলের গোলরক্ষক প্রভুসুখন গিল ও কৌশিক চক্রবর্তীকে। বাকি দল অপরিবর্তিত থাকবে।
পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ লাল হলুদের কাছে কঠিন চ্যালেঞ্জেরও। একদিকে অ্যাওয়ে ম্যাচ, অন্যদিকে ঘাড়ে শ্বাস ফেলছে চেন্নাইয়িন এফসি, যারা এদিন জিতে প্লে অফের দৌড়ে টিকে থাকল। চেন্নাইয়ের হয়ে এদিন দুটি গোল করেছেন আকাশ সাঙওয়ান ও অঙ্কিত মুখোপাধ্যায়। একটা সময় অঙ্কিত লাল হলুদ দলের সদস্য ছিলেন।