
শেষ আপডেট: 13 February 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: হার মানল ইস্টবেঙ্গল। তারা আইএসএলের ম্যাচে যুবভারতীতে হারল ০-১ গোলে। তালিকায় তারা অনেকটা পিছিয়ে গেল। মুম্বইয়ের হয়ে যিনি গোল করলেন সেই ইকর গুয়ারোৎসোনার এদিনই অভিষেক হল ম্যাচে।
সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে লাল হলুদ সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। সেই স্বপ্ন দেখাচ্ছিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত। কিন্তু গত নর্থ ইস্ট ম্যাচে হারের পরে আবারও হারল তারা।
মুম্বই সিটি এফসি ভাল দল। তারা ঘরের মাঠে তো বটেই, এমনকী অ্যাওয়ে ম্যাচেও কলকাতার দলগুলির কাছে তারা আতঙ্কের। এবারও মুম্বই সারা ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে। একেক সময় মনে হয়েছে তারা বাইরের মাঠ নয়, নিজেদের মাঠে খেলছে।
ইস্টবেঙ্গল অতি সাধারণমানের ফুটবল খেলেছে। দলের অধিনায়ক ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা না থাকার অভাব প্রতিপদে মনে হয়েছে। তিনি থাকলে দল একরকম, না থাকলে সাধারণ হয়ে গিয়েছে। দলের দুই বিদেশিকে এখনও লড়াই করতে হবে ছন্দ খুঁজতে গেলে।
আইএসএলে টানা ছ‘ম্যাচে জয়ের মুখ দেখেনি লাল হলুদ দল। সুপার কাপে খেতাব পাওয়ার পরে যে ছন্দ পেয়েছিল দল, সেটি নিমেষে উবে গিয়েছে। কোচ কার্লোসের কাছে বাকি ম্যাচও কঠিন পরীক্ষার হতে চলেছে। দলের ধারাবাহিকতা থাকছে না ম্যাচগুলিতে।
যদিও গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে মুম্বই দল। গত ম্যাচে ঘরের মাঠে হেরেছে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। কিন্তু ইস্টবেঙ্গলকেও হারাল তারা মসৃণভাবে। ম্যাচের একমাত্র মুম্বই দল করেছে ২৪ মিনিটে। গোলদাতা ইকর। এই বিদেশি মুম্বই দলের সম্পদ। আকাশও ভাল খেলেছেন।
বিরতির পরে সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। কাউন্টার অ্যাটাক করে মম্বইয়ের বক্সে পৌঁছে গিয়েছিলেন ফেলিসিও। তবে তিনি সফল হতে পারেননি।
মহেশ ম্যাচের শেষ দিকে দারুণ একটা পাস দিয়েছিলেন, বলটি পেয়ে গিয়েছিলেন ফেলিসিও ব্রাউন। তবে আকাশ এসে বলের দখল নেয় এবং শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেনি লাল হলুদ দল।
বিরতির ২৭ মিনিট পরেই অলআউট আক্রমণে গেল ইস্টবেঙ্গল। নন্দকুমার ও ভিক্টর ভাসকুয়েজকে মাঠে নামালেন কুয়াদ্রাত।
ম্যাচের ৭৪ মিনিটেও নাওরেম মহেশ দারুণ একটা পাস দেন, নন্দকুমার বলটি মুম্বইয়ের বক্সের ভিতরে পেয়ে য়ান। নন্দ নিজে শট নিলে গোল হতে পারত। কিন্তু তিনি সতীর্থকে দিতে গিয়ে ভুলটা করে বসেন।