3.jpg)
নাওরেম মহেশ এবং সাউল ক্রেসপো
শেষ আপডেট: 16 February 2025 22:22
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় (১৬ ফেব্রুয়ারি) কলকাতা ডার্বিতে জয়লাভ করল ইস্টবেঙ্গল এফসি। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ৩-১ গোলে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করলেন নাওরেম মহেশ সিং,সাউল ক্রেসপো এবং ডেভিড লালনসাঙ্গা। মহমেডানের হয়ে একমাত্র গোলটি করলেন ফ্রাঙ্কা। সবথেকে বড় কথা ইস্টবেঙ্গল এই জয়ের পাশাপাশি লাল-হলুদ ব্রিগেড তিন পয়েন্ট ঘরে আনতে পেরেছে।
এই ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছিল ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে প্রথম গোলের দরজা খুলে দেন নাওরেম মহেশ। বিষ্ণুর টাচ থেকে অসাধারণ একটি গোল উপভোগ করলেন লাল-হলুদ সমর্থকরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার রং অনেকটাই বদলে গিয়েছিল।
৬৫ মিনিটে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলকে ২-০ গোলে এগিয়ে দিলেও, মেসি বাউলি যেভাবে গোলটা করালেন, সেকারণে অবশ্যই প্রশংসা প্রাপ্য ক্যামেরুনের এই ফুটবলারের। দ্বিতীয় গোল খেতে না খেতেই গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ায় মহমেডান স্পোর্টিং ক্লাব। ৬৮ মিনিটে ফ্রাঙ্কার গোলে কিছুটা হলেও তারা ব্যবধান কমায়।
৮৮ মিনিটে মহমেডানের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন ডেভিড লালনসাঙ্গা। তবে পুরনো দলের বিরুদ্ধে গোল করার কারণে সেভাবে সেলিব্রেট করলেন না তিনি। শেষপর্যন্ত ম্যাচটা জিতে অস্কার ব্রুজোঁর মুখে চওড়া হাসি দেখতে পাওয়া গেল।
তবে এই ম্যাচে আলাদা করে নজর কাড়লেন রবি হাঁসদা। বাংলার তরুণ ফুটবলার। ইতিপূর্বে সন্তোষ ট্রফির ফাইনালে তাঁর গোলেই কেরলের বিরুদ্ধে জয়লাভ করেছিল বাংলা ফুটবল দল। এই ম্যাচের হাত ধরেই আইএসএল টুর্নামেন্টে তাঁর ডেবিউ হল। ৭৬ মিনিটে একটা গোল প্রায় করেও ফেলেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত গোলপোস্টে লেগে বলটা আবারও ফিরে আসে। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স যে সন্তোষজনক, তা বলা যেতেই পারে।