1.jpg)
ফাইল ছবি
শেষ আপডেট: 23 January 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে জয়ের সরণীতে ফিরতে আপাতত মরিয়া ইস্টবেঙ্গল এফসি। এই কথাটা মাথায় রেখেই তারা শুক্রবার (২৪ জানুয়ারি) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে।
লাল-হলুদ ব্রিগেড আপাতত লিগ টেবিলের শীর্ষ দশের মধ্যে কোনওরকমে মাথা গলাতে চাইছে। কিন্তু, টাস্কার্সদের বিরুদ্ধে তাঁদের কাজটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। কেরালা আপাতত প্লে-অফের টিকিট কনফার্ম করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
গত তিনটে ম্যাচ পরপর হেরেছে লাল-হলুদ ব্রিগেড। আর এই হারের কারণেই মশালবাহিনী প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে পড়েছে। লিগ পর্যায়ে অস্কার ব্রুজোঁর দলের কাছে আর ৮ ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে বাকি ম্যাচগুলো জেতা ছাড়া ইস্টবেঙ্গলের কাছে আর কোনও রাস্তাই খোলা নেই।
আর সেকারণেই ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যে কোনও মূল্যে জিততে চায় অস্কার ব্রুজোঁ। এই ম্যাচে জয় লাল-হলুদের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়াবে, তা বলা যেতে পারে। কিন্তু, হারলে সমর্থকদের ক্ষোভের বাঁধ ভাঙতে শুরু করবে।
আনোয়ার আলির চোট নিয়ে এখনও সন্দেহ রয়েই গিয়েছে। আগামী ম্যাচে তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। একই প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন সাউল ক্রেসপো এবং মহম্মদ রাকিপও।
তবে গত ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে ডেবিউ হয়েছিল ভেনেজুয়েলার ফুটবল তারকা রিচার্ড সেলিসের। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল। ২৮ বছর বয়সি এই উইঙ্গার যে আগামী ম্যাচে মশালবাহিনীতে প্রাণ সঞ্চার করবে, তা বলা যেতেই পারে। তবে সল্টলেক স্টেডিয়াম কোনও ম্যাজিকের অপেক্ষা করছে কি না, সেটা অবশ্য সময়ই বলবে।