
মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম ইস্টবেঙ্গল এফসি
শেষ আপডেট: 16 February 2025 13:39
দ্য ওয়াল ব্যুরো: রবিবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতা ফুটবল ময়দানে মহাসংগ্রাম। মুখোমুখি লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ আয়োজন করা হবে। দুটো দলই একে অপরকে হারিয়ে নিজেদের হারানো সম্মান ফিরিয়ে আনতে চাইবে।
পয়েন্টস টেবিলের নিরিখে এই দুটো দলই আপাতত সম্মানজনক জায়গায় নেই। ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত ১৯ ম্যাচে তারা মাত্র ১৮ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। প্লে-অফের যোগ্যতা অর্জনকারী শেষ দলটার থেকেও তারা ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে। প্রসঙ্গত, আপাতত লিগ টেবিলের ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। তারা ২০ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে।
একথা বলতে কোনও বাধা নেই যে ইস্টবেঙ্গল এফসি গত চার মরশুম ধরে আইএসএল টুর্নামেন্ট খেললেও, তারা এখনও পর্যন্ত একবারও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই মরশুমেও শেষ ছ'য়ে ওঠার সম্ভাবনা তাদের সামনে কার্যত শেষ হয়ে গিয়েছে।
এই মাঠেই ইস্টবেঙ্গল গত ম্যাচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, সেই ম্যাচ হারার পর অস্কার ব্রুজোঁর দলের সমস্যা আরও বেড়ে যায়। আপাতত সুপার সিক্স না হোক, অন্তত ১১ নম্বর থেকে কিছুটা হলেও উপরের দিকে উঠে আসতে চাইবে লাল-হলুদ ব্রিগেড। আর সেই লক্ষ্যেই তারা রবিবার ব্ল্যাক প্যান্থার্সদের বিরুদ্ধে মাঠে নামছে।
অন্যদিকে, মহমেডান স্পোর্টিং ক্লাবের পিঠ ইতিমধ্য়েই দেওয়ালে ঠেকে গিয়েছে। প্লে-অফে ওঠার যাবতীয় দরজা তাদের সামনে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। গত ১৯ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্টই সংগ্রহ করেছে। বেতন না পাওয়ার কারণে দলের হেড কোচ আন্দ্রে চেরনিশভ ইতিমধ্যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। একই অবস্থা দলের একাধিক ফুটবলারেরও। তাঁরাও জানিয়েছেন যে দিনের পর দিন বেতন পাচ্ছেন না। মোদ্দা কথা, সাদা-কালো ব্রিগেডে আপাতত চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সামনে তাঁরা আদৌ দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।