
শেষ আপডেট: 12 February 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে টানা ব্যর্থতা চলছে ইস্টবেঙ্গলের। গত নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে হেরে আরও বিপাকে লাল হলুদ দল। সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে কোচ কার্লোস কুয়াদ্রাত আশা করছিলেন, সেই ছন্দ আইএসএলেও দেখা যাবে।
সেটি অবশ্য হয়নি। গত ম্যাচে লাল হলুদ বাহিনীর খেলা ভাল লাগেনি সমর্থকদের। তাঁরা মনে করছিলেন, দলের দুই বিদেশি এসে রাতারাতি ম্যাচ জয়ের নায়ক হবেন। দলের দুই বিদেশি তারকা ভিক্টর ভাসকুয়েজ ও ফেলেসিও ব্রাউনের প্রথমদিনের খেলায় খুশি। ভিক্টরের পাসিং, জায়গা নেওয়া, সবটার মধ্যেই আন্তর্জাতিক ছোঁয়া। তিনি মেসির সঙ্গে বার্সেলোনা সিনিয়র দলে খেলেছেন বছর দশেক আগে।
কোচ কার্লোস এদিন প্রস্তুতি শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন, দলের খেলা আমার ভাল লেগেছে গত ম্যাচে। ভিক্টর বুঝিয়েছেন ওঁর গুরুত্ব, ব্রাউনও এসেই গোল করেছে। একটু সময় দিলে এই দলটাই আবার দৌড়তে শুরু করবে।
লাল হলুদে চোট ও কার্ড সমস্যা দুটিই রয়েছে। সাউল ক্রেসপো নেই চোটের জন্য। আর দলের অধিনায়ক ব্রাজিলীয় ক্লেটন সিলভা দু’বার হলুদ কার্ড দেখার জন্য এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। ক্লেটন থাকা মানে দলের কোচ থেকে শুরু করে সমর্থকদের কাছে বড় ভরসা। তাই কোচ কুয়াদ্রাত জানিয়েছেন, ক্লেটন নেই, তাই আমাকে শুরু থেকেই ব্রাউনকে নামাতে হবে। ওর এমনিতেই ম্যাচ ফিট হতে সময় লাগবে। সেই কারণেই মুম্বই ম্যাচেই আমাকে ঝুঁকি নিতে হবে।
আশার কথা, দলে ফিরছেন মাঝমাঠের শৌভিক চক্রবর্তী। তিনি কার্ড সমস্যায় মাঠের বাইরে ছিলেন। দলে নন্দকুমার, মহেশদের উপস্থিতি পুরো দলকে উদীপ্ত করবে সন্দেহ নেই।
চলতি ফেব্রুয়ারি মাসে মোট সাতটি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে তারা। ঘরের মাঠে মঙ্গলবার ম্যাচ খেলেই তাদের তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে জামশেদপুর, হায়দরাবাদ ও ওড়িশা এফসি-কে। টানা ম্যাচ খেলার ক্লান্তিও লাল হলুদ দলকে ভাবাচ্ছে।