
ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত।
শেষ আপডেট: 4 June 2024 21:23
দ্য ওয়াল ব্যুরো: গর্ব করার মতো দল গড়ছি, সমর্থকদের আশ্বস্ত করলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। গত দুটি মরসুম একেবারে শেষদিকে দলগঠনের জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। এবার অবশ্য শুরু থেকেই তৎপর লাল হলুদ কর্তারা। এমনকী কোচও দলগঠনের বিষয়ে বড় ভূমিকা নিয়েছেন।
সম্প্রতি ক্লাবের মিডিয়া ম্যানেজারকে স্প্যানিশ কোচ জানিয়েছেন, গতবার সুপার কাপে দল চ্যাম্পিয়ন হওয়ার পরে সমর্থকদের আনন্দ চোখের সামনে দেখেছি। একটা বড় দল সাফল্য পেলে সমর্থকদের মনের অনুভূতি কেমন হয়, তাও দেখেছি। তাই এটা বলতে পারি, আগামীবার আমরা চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই মাঠে নামব। সমর্থকদের গর্বিত করার আপ্রাণ চেষ্টা থাকবে আমাদের মধ্যে। তাঁরা দল নিয়ে স্বপ্ন দেখতে পারেন।’’
লাল হলুদের হেডস্যার আরও জানান, ‘‘আমরা এবার এমন একটা দল গড়েছি যাতে সমর্থকরা আশান্বিত হতেই পারেন। আমরা এবার জুনিয়র স্তরে ভাল খেলেছি, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছি। সিনিয়র দলের খেলায় একটা মরিয়া ভাব ছিল। সামনের বার সমর্থকরা আরও ভাল কিছু দেখতেই পারেন, একটা নতুন দল খেলতে নামবে!’’
জাতীয় স্তরের টুর্নামেন্টে ১২ বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপ জয়ের কারণেই তারা এশীয় স্তরে খেলতে নামবে। এটা দলের ফ্যানদের কাছে গর্বের বিষয়। কোচ বলেছেন, ‘‘আমরা গত মরশুমে ৩৩টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচে জিতেছি। গোল খাওয়ার চেয়ে বেশি গোল দিয়েছি। শেষ মুহূর্ত পর্যন্ত ফুটবলাররা ম্যাচ জয়ের চেষ্টা করেছে। এটাই গত কয়েকবছরে ছিল না।’’
প্রসঙ্গত, ইস্টবেঙ্গল এবার বিদেশি বাছাই সেরে ফেলেছে। গ্রিক তারকা দিমিকে চুক্তিবদ্ধ করিয়েছে। গত মরশুমে থাকা ক্লেটন, হিজাজি মাহের ও সল ক্রেসপোকে তারা ধরে রেখেছে। তালিল চলে এলে দলের রক্ষণ-মাঝমাঠ ও আক্রমণ সমৃদ্ধ হবে।