
ডুরান্ড কাপের শুরুতেই দারুণ ছন্দে ইস্টবেঙ্গল।
শেষ আপডেট: 29 July 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর। সেই মিথই যেন ফিরে এল ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই। লাল হলুদ দল শুরুতে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নিল ৩-১ গোলে।
ম্যাচের ১৭ মিনিটের মাথায় ভারতীয় বায়ুসেনা এগিয়ে যায় সোমানন্দ সিংয়ের গোলে। সতীর্থ সৌরভ সাধুখাঁর পাসে চকিতে শট লাল হলুদের জালে জড়িয়ে গিয়েছে। সেইসময় পুরো মাঠ জুড়ে খেলছিল ইস্টবেঙ্গল। গোলটা তারা খেয়েছে প্রতি আক্রমণে। তারপরে ম্যাচে ফেরার চেষ্টা করেছে লাল হলুদ দল। ম্যাচের ৪৩ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরানোর গোল করেন ডেভিড লালসুঙ্গা। মাদিহ তালালের চিপ থেকে বল ধরে দারুণ গোল করে গিয়েছেন ডেভিড।
যুবভারতীতে ইস্টবেঙ্গল সমর্থকরা তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবেন, কারণ দলের দুই নবাগত ফুটবলারই গোল পেয়েছেন। প্রথম ম্যাচেই গোলের স্বাদ পেলেন দিমিত্রিয়স ও ডেভিড। এমনকী ম্যাচে খেলেছেন জিকসন সিংও। তাঁকেও কোচ বুদ্ধি করে ব্যবহার করেছেন।
বিরতির পরে ইস্টবেঙ্গল আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কোচ কার্লোস কুয়াদ্রাতের দুটি বদল ম্যাচের রং বদলে দিয়েছে। তারকা বিদেশি দিমিত্রিয়স ও পিভি বিষ্ণুকে নামানো হয় ডেভিড ও নাওরেম মহেশের বদলে। তারপরেই খেলার ভোলবদল ঘটেছে।
একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে গিয়েছে এয়ারফোর্সের দলটি। ম্যাচের ৬১ মিনিটে দিমিত্রিয়স গোল করে দলকে এগিয়ে দেন। একক প্রচেষ্টায় দিমি গোলটি করেন। সাত মিনিটের মাথায় সল ক্রেসপো দলের হয়ে জয়ের ব্যবধান বাড়িয়েছেন। ক্রেসপো গোলটি করেন তালালের পাস থেকে।
গ্রিসের এই তারকা ফুটবলার কেমন খেলেন, সেদিকে তাকিয়ে ছিলেন সমর্থকরা। সেই হিসেবে দিমি শুরুতেই সুপারহিট। দলের মাঝমাঠও ভাল খেলেছে। একটা সময় ম্যাচটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। ভারতীয় বায়ুসেনার ফুটবলাররা গোলের জন্য মরিয়া ছিলেন। শেষদিকে কোচ কার্লোস দলের রক্ষণকে শক্তিশালী করে দিয়েছেন। যে কারণে আক্রমণ প্রতিহত হয়ে ফিরে এসেছে।