
পীযূষ চাওলা-ঋষভ পন্থ
শেষ আপডেট: 3 April 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হওয়ার পর যখন মনে করা হচ্ছিল কেরিয়ার শেষের পথে, ঠিক তখনই সমস্ত জল্পনা আর দুর্ভাবনাকে নস্যাৎ করে ক্রিকেটের ময়দানে ফিরে এসেছিলেন ঋষভ পন্থ। আইপিএলে গত বছর চারশোর উপর রান করেন। যার সুবাদে জাতীয় দলেও প্রত্যাবর্তন হয়। টি-২০ বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। যে জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ।
কিন্তু এরপরই আচমকা বাঁকবদল। ফর্মের গ্রাফের পড়তি। যার জেরে জাতীয় দল থেকে বাদ পড়েন ঋষভ। আইপিএল মরশুম শেষে পুরনো টিম দিল্লি ক্যাপিটালস ছাড়ারও সিদ্ধান্ত নেন। মহা নিলামে তাঁকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে। ২৭ কোটি টাকার ট্যাগ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে চলতি মরশুমে মাঠে নেমেছেন ঋষভ। কিন্তু পড়তে থাকা ফর্মের দিশা ঘোরাতে পারেননি। এখনও লড়াই শেষ হয়নি, সবে শুরু হয়েছে। তিনটি ম্যাচই খেলা হয়েছে মাত্র। তবু নতুন অধিনায়কের পারফরম্যান্স দলের মতোই ক্রমশ পতনের দিকে হাঁটা দিয়েছে।
এই নিয়ে পক্ষে-বিপক্ষে নানান তত্ত্ব উঠতে শুরু করেছে। কেন হঠাৎ করে ভয়ংকর দুর্ঘটনা থেকে কামব্যাক করেও উতরাইয়ের পথে হাঁটছেন ঋষভ? অনেকে ২৭ কোটির ‘নিলামি ট্যাগ’-কে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। যদিও তা মানতে নারাজ পীযূষ চাওলা। জানিয়েছেন, বড় অংকের ধাক্কায় মোটেও ভড়কে যাননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান৷ বরং, প্রত্যাশাপূরণের চাপে খানিক পথ হারিয়েছেন। ভারতের প্রাক্তন স্পিনার বলেন, ‘আমি ঋষভকে চিনি৷ জানি, এই প্রাইস ট্যাগ ওকে প্রভাবিত করেনি। যদিও ও ভাল ফর্মে নেই। ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট দীর্ঘদিন ধরে খেলছে না। এই মরশুমে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে খেলতে নেমেছে। ফলে প্রচুর প্রত্যাশা ছিল ঋষভকে নিয়ে। গত বছর অনেক কিছু ঘটেছে৷ তাই স্বাভাবিকভাবে এ বছরও অনেক কিছু আশা করা হয়েছিল।’