
শেষ আপডেট: 21 January 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের সম্পর্কের টানাপোড়েন গত এক বছরের বেশি সময় ধরে চলছিল। সম্প্রতি তাতে আসে নতুন মোড়। আবার বিয়ে করার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাকিস্তানি ক্রিকেটার। শোয়েবের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সরাসরি দাঁড়িয়ে পড়েছেন ভারতীয় টেনিস তারকার পাশে। স্বদেশীয় ক্রিকেটারকে তুলোধনা করতে শুরু করেছেন সমাজ মাধ্যমে। প্রতিক্রিয়া দিয়েছে সানিয়ার পরিবারও।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় টেনিস তারকার পরিবার জানিয়েছে, কয়েক মাস আগেই দুজনের 'ডিভোর্স' হয়ে গেছিল। সানিয়ার বাবার কথায়, সে শোয়েবকে 'খুলা' দিয়েছিল আগেই। ভারতীয় টেনিস তারকার সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকার বিয়ে হয় ২০১০ সালের এপ্রিল মাসে। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের পুত্র ইজান মির্জা মালিকের জন্ম হয়। তাঁদের বিচ্ছেদের খবর একাধিকবার সংবাদের শিরোনামে আসলেও শোয়েব বা সানিয়া কেউই তাতে সিলমোহর দেননি। এখন বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।
খুলা কী?
তালাকের সঙ্গে খুলার খুব যে বিশেষ পার্থক্য আছে তা নয়। তালাক তখন হয় যখন একজন মুসলিম পুরুষ স্ত্রীর থেকে আলাদা হয়ে যেতে চান। আর খুলা তখন হয় যখন একজন মুসলিম মেয়ে নিজে থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। সানিয়ার পরিবারের দাবি অনুযায়ী, এই সিদ্ধান্ত বেশ কয়েক মাস আগেই নিয়ে নিয়েছিলেন তিনি। তাই শোয়েবের সঙ্গে তাঁকে বিশেষভাবে দেখাও যায়নি।
প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। সানার এটা দ্বিতীয় বিয়ে। তাঁর জন্ম হয়েছিল জেড্ডায়। কিন্তু তাঁর পরিবারের শিকড় ছিল হায়দরাবাদে। দেশ ভাগের পর তাঁর বাবার পরিবার পাকিস্তানে চলে যায়। এহেন সানা পড়াশুনাও করেছেন জেড্ডায়। পরে পাকিস্তানে ফিরে এসে করাচি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন।