
দীনেশ কার্তিক
শেষ আপডেট: 11 April 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: যে মঞ্চে তরোয়াল পোঁতার ভঙ্গিতে কেএল রাহুল ঘোষণা করেছেন, এই ময়দান তাঁরই, তাকেই দুষে বেঙ্গালুরুর মেন্টর দীনেশ কার্তিক জানালেন, এমন পিচ তাঁরা চাননি। বদলে এমন বাইশ গজ চেয়েছিলেন, যেখানে রান উঠবে। ব্যাটাররা সাহায্য পাবে৷
চলতি আইপিএলের সবচেয়ে মুখরোচক বিতর্ক হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি বনাম পিচ কিউরেটরের সংঘাত। যা দানা বাঁধে ইডেনে। কেকেআর বনাম আরসিবি ম্যাচের পর। যুদ্ধ হেরে কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে আঙুল তোলেন পিচ প্রস্তুতকারক সুজন মুখার্জির দিকে৷ জানান, এমন উইকেট তাঁদের প্রত্যাশার বাইরে। দলের শক্তি স্পিনাররা। কিন্তু পিচে ঘূর্ণি নেই। অতএব, আগামী ম্যাচে স্পিনার-বান্ধব উইকেট চাই। সাফ জানান রাহানে।
এরপর এই বিতর্কের জল গড়ায় চেন্নাইয়ে। সেখান থেকে লখনউ শিবিরে। কারও প্রত্যাশা পাটা উইকেট, কারও দাবি ঘূর্ণি পিচ। নানান দলের নানান আশা। এই বাদানুবাদে এবার জড়িয়ে পড়ল আরসিবি। সেই সূত্রে দীনেশ কার্তিকও।
গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একপেশে পরাজয় স্বীকার করতে হয় বেঙ্গালুরুকে৷ প্রথমে ব্যাটিং বিপর্যয়। বিশেষ করে টপ অর্ডারের। যে কারণে বড় স্কোর খাঁড়া করার সুযোগ হাতছাড়া করে আরসিবি। ১৬৩ রানেই থমকে যায় ইনিংস৷ পরে ব্যাট করতে নেমে গোড়াতেই দিল্লি ব্যাটারদের চেপে ধরেন আরসিবির বোলাররা। কিন্তু একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লোকেশ রাহুল। বেঙ্গালুরুর ভূমিপুত্র তিনি। একসময় খেলেছেন আরসিবির হয়েও। তাঁকে আটকানোর কিংবা আউট করার কোনও ফর্মুলা জানা ছিল না ভুবনেশ্বর কুমার, যশ দয়ালদের। যে কারণে মাত্র ৪ উইকেট খুইয়েই ১৬৪ রানের টার্গেট পেরিয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
যদিও ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাটসম্যান কিংবা বোলাররা নন, পিচ প্রস্তুতকারককেই দুষেছেন দীনেশ কার্তিক। বলেছেন, ‘টি২০ ক্রিকেটের উইকেটে আরও রান থাকা জরুরি। বেশি রান মানে ব্রডকাস্টারদের জন্য ভাল, সমর্থকদের জন্যও ভাল। সবাই বাউন্ডারি দেখতে চান।’
এরপরই আক্রমণ শানান কিউরেটকে৷ বলেন, ‘এই উইকেট ব্যাটারদের সাহায্য করেনি৷ যথেষ্ট ঝামেলায় ফেলেছিল৷ এখানে আমরা দুটো ম্যাচ খেলেছি। আর দুটোইতেই একই ঘটনা দেখতে পেলাম।’
যদিও এত সহজে পিছু হটতে রাজি নন দীনেশ। জানিয়েছেন, আজকালের মধ্যেই তাঁরা কিউরেটরের সঙ্গে আলাপ-আলোচনায় বসছেন৷ কথাবার্তা চালাবেন৷ তারপর কোনও না কোনও সমাধানসূত্র বের করার উপায় খোঁজা হবে।