
দিমিত্রি দিয়ামিন্তাকোস ইস্টবেঙ্গলে এলেন।
শেষ আপডেট: 14 June 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: অনেকদিন ধরেই জল্পনা চলছিল, তিনি কবে আসবেন। শেষপর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামিন্তাকোস। যাঁকে ফুটবলমহল চেনে ‘দিমি’ নামেই। তিনি গত মরশুমের আইএসএলে সেরা স্ট্রাইকার বিবেচিত হন। ১৭টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন। কেরালা ব্লাস্টার্স থেকে তাঁকে নিয়ে আসা হল।
কলকাতার অন্যতম নামী ক্লাবে যোগদানের পরে এক বার্তায় দিমি বলেছেন, ‘‘আমি দারুণ খুশি। এশিয়ার অন্যতম ফ্যান বেস ক্লাবে যোগ দিতে পেরে ভাল লাগছে। ইস্টবেঙ্গলের যাবতীয় সাফল্যের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি নিজের সেরাটা দেব।’’
লাল হলুদের কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন, ‘‘দিমি ভারতের পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। ও আমাদের চেনা তারকা, গতবার কেরলে খুব ভাল ফুটবল খেলেছে। দিমির কাছে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাব ওঁর কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে বলে চুক্তিতে সই করেছে।’’
দিমিত্রি এর আগে গ্রিসের হয়ে অনূর্ধ্ব ১৯ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলেছেন। তিনি গ্রিসের নামী ক্লাব ওলিম্পিয়াকোস, পানিওনোস এথেন্সের হয়ে খেলেছেন। ইউরোপের ফুটবল ঘরানায় অভ্যস্ত এই নামী বিদেশি স্ট্রাইকারের সঙ্গে ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভার জুটি ক্লিক করে গেলে বিপক্ষ ডিফেন্ডারদের কাছে চিন্তার কারণ হবেন।
ইস্টবেঙ্গলের এবারের দল বেশ ভাল হয়েছে। তারা দলগঠনে বেশি সক্রিয় এবার আগে থেকেই। তাদের বিদেশিদের মধ্যে সল ক্রেসপো, দিমি, সিলভা ও হিজাজি মাহের ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। স্থানীয় তারকাদের মধ্যে নন্দকুমার, নাওরেম মহেশরা রয়ে গিয়েছেন।