দ্য ওয়াল ব্যুরো: তিনি আছেন নিজের মেজাজে। স্পার্টাক স্টেডিয়ামে হাভানা সিগার হাতে দিয়েগো আরমান্দো মারাদোনা। আগুয়েরোর গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আবার গোল মিসের আফসোসে হাপিত্যেশ করেছেন। তিনি বর্ণময়। বিতর্কিত মন্তব্য তাঁর সহজাত। এ বার ৮৬-র বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার প্রাণভ্রমরা তোপ দাগলেন মেসিদের হেড স্যার জর্জ সাম্পিওলির বিরুদ্ধে।
ভেনেজুয়েলার একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ফুটবলের রাজপুত্র বলেন, ‘এরকম খেললে আর্জেন্টিনায় ফিরতে পারবেন না জর্জ সাম্পিওলি।’ দিয়েগো জানিয়েছেন, তিনি খেলোয়াড়দের কোনও দোষ দিতে চান না। কোচের বোঝা উচিৎ বিপক্ষের ফুটবলারদের শক্তি কী। আইসল্যান্ডের খেলোয়াড়দের উচ্চতা নিয়ে যে পরিকল্পনার দরকার ছিল তা যথার্থভাবে হয়নি বলেই মনে করেন মারাদোনা।
মেসির পেনাল্টি মিস নিয়েও তাঁর পাশে দাঁড়ান হ্যান্ড অফ গড’-এর নায়ক। বলেন, ‘আমি মারাদোনা হয়ে যাওয়ার পরও স্পেনে খেলার সময় পাঁচবার পেনাল্টি মিস করেছি। মেসির পেনাল্টি মিসের জন্যই প্রথম ম্যাচে দু’পয়েন্ট নষ্ট হয়েছে বলে আমি মনে করি না।’ ফুটবলের রাজপুত্রের আপাতত যাবতীয় ক্ষোভ আর্জেন্টাইন কোচের বিরুদ্ধে।