
শেষ আপডেট: 28 May 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের কোচের জন্য আবেদনের শেষ দিন ছিল সোমবার। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে জল্পনা শুরু, কবে ভারতের কোচের নাম ঘোষণা করবে বোর্ড।
টি ২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচের পদে রয়েছেন রাহুল দ্রাবিড়। তারপর তিনি আর হটসিটে থাকতে চাইছেন না। দ্রাবিড় সময় দিতে চান পরিবারকে। তাঁর ছেলে সমিত ইতিমধ্যেই কর্নাটকের হয়ে রাজ্য স্তরে ক্রিকেট খেলছেন। ছেলেকে সময় দিতে চান দ্রাবিড়। তাঁর সঙ্গে বার্ষিক চুক্তি ছিল ১০ কোটি টাকার।
দ্রাবিড়ের পর কে? এই লাখ টাকার প্রশ্নে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় দলের কোচ হতে চান, সেক্ষেত্রে তাঁকে কেকেআরের মেন্টর পদ ছাড়তে হবে। গম্ভীর এমনিতেই ধর্মসঙ্কটে পড়ে গিয়েছেন। একদিকে, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান চাইছেন গম্ভীরের সঙ্গে দশ বছরের দীর্ঘ চুক্তি। পাশাপাশি বোর্ড সচিবের সঙ্গে গম্ভীরের কথা প্রকাশ্যে এসেছে আইপিএল ফাইনাল শেষে। চেন্নাইয়ের মাঠে তাঁদের মধ্যে কথা যে শুধুমাত্র কুশল বিনিময় নয়, সেটি সবাই প্রায় জানে।
এদিকে, তারমধ্যেই ভারতের কোচ হিসেবে মঙ্গলবার নাম ভেসে এসেছে এম এস ধোনির। বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন ধোনিও। তিনি কারণ হিসেবে বলেছেন, ধোনি আইপিএল আর খেলবেন না। হাঁটুর চোটে তিনি কাবু, ওই চোটের স্থানে অস্ত্রোপচার না হলেও তাঁর যে মাঠে ফেরা অনিশ্চিত, এটিও জানা গিয়েছে।
ধোনির কোচ হওয়ার দ্বিতীয় কারণ হিসেবে উঠে এসেছে, ভারতীয় ড্রেসিংরুমে তাঁর গ্রহণযোগ্যতা। রোহিত-কোহলির উভয়ের সঙ্গেই সম্পর্ক ভাল ধোনির। গম্ভীর কোচ হলে কোহলি বিরাগভাজন হবেন, সেটিও অস্বীকার করা যাবে না। কোহলি ও গম্ভীর বৈরিতা সাময়িক মিটলেও একেবারে মেটেনি। তাতে শিবিরে ভাঙন দেখা দিতে পারে। সেটিও ভেবে দেখছেন কর্তারা।
ধোনি এর আগে ২০২১ সালে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়েছিলেন। সেবার দলের পারফরম্যান্স ভাল ছিল না। ধোনি কোচ হিসেবে স্বীকৃত না হলেও তাঁর এভারেস্টসম অভিজ্ঞতা দলের পক্ষে আশীর্বাদ হতে পারে। ধোনি দলের সকলের প্রিয়, তাই বন্ধুর মতো মিশে তাঁদের থেকে সেরাটা বের করে আনার ক্ষমতা রাখেন।