
এমএস ধোনি
শেষ আপডেট: 22 April 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: আপনি হতে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar) কিংবা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ‘কিংবদন্তি’ মানেই কীর্তিস্তম্ভের পিঠোপিঠি মাথাচাড়া দেবে মুখোরোচক গল্প, গাঁজাখুরি জল্পনা। বিদ্যাসাগর বর্ষাপ্লাবিত দামোদর পেরিয়ে যে মায়ের কাছে যাননি, সেটা গবেষকরা তত্ত্বতালাশ ঘেঁটে প্রমাণ করেছেন। মহেন্দ্র সিং ধোনির সৌভাগ্য এই যে, ডিজিটাল ইন্ডিয়ায় তাঁর নামে প্রচারিত মিথ্যে রটনা ভূভারত চক্কর কেটে তাঁরই কানে এসে পৌঁছয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনই এক বহুল প্রচারিত গুজবের পর্দাফাঁস করলেন মাহি। চেন্নাই সুপার কিংসের (CSK) তরফে আয়োজিত ওই প্রমোশনাল ইভেন্টে অতিথি হিসেবে আমন্ত্রণ পান ধোনি। সেখানে নিজের কেরিয়ার, সিএসকের সাম্প্রতিক ফর্ম, আইপিএলের ভূত-ভবিষ্যৎ নিয়ে গুরুগম্ভীর কথা বলার পর শোয়ের অন্তিম লগ্নে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন: ‘এমন কোনও রটনা শুনেছেন যেটা কানে যেতে নিজেই তাজ্জব বনে গেছেন?’
সওয়াল শুনে বেশিক্ষণ ভাবেননি ধোনি। মাইক তুলে বলে ফেলেন: ‘সেটা এই যে… আমি রোজ পাঁচ লিটার দুধ খাই।’
উত্তর শুনে চমকে যান প্রশ্নকর্তা। পাল্টা জিজ্ঞেস করেন: ‘সত্যি খান না?’
চমক অবশ্য এমনি এমনি নয়। এর কারণ রয়েছে। ধোনির দুগ্ধপ্রীতি ভারতের ক্রিকেট-মহলে জনপ্রিয় কিংবদন্তি। লোকমুখে ব্যাপক প্রচারিত ও জনপ্রিয়। ২০০৪ সালে যখন ভারতের হয়ে অভিষেক করছেন ঝাড়খণ্ডের এক অনামা তরুণ, তখন তাঁকে ঘিরে হরেক প্রবাদ ছড়িয়ে পড়ে। যার একটি ছিল: ধোনি নাকি প্রতিদিন নিয়ম করে পাঁচ লিটার দুধ পান করেন!
এই নিয়ে এতদিন বাদে মুখ খুললেন এমএসডি। খানিক সলজ্জ মুখেই জানালেন, ‘আমি সত্যি এক সময় প্রচুর দুধ খেতাম। সারা দিনে মেরেকেটে এক লিটার হবে। তাই বলে আরও চার লিটার—এটা সত্যি বাড়াবাড়ি!’
Finishing off the rumour in style! ???? #WhistlePodu #Yellove???????? @fedexmeisa pic.twitter.com/JPKTramxl7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2025
দুধের ঝামেলা না হয় মিটল৷ কিন্তু লস্যি? একদা ছড়িয়ে পড়েছিল গায়ে অমেয় শক্তি আনতে, প্রভূত পুষ্টি জোগাতে নাকি হাতের দণ্ড ঘেঁটে নয়, ওয়াশিং মেশিনে লস্যি বানান ধোনি! এদিন এহেন জল্পনার পাশেও ঢেঁড়া কাটলেন মাহি। জানালেন, দুধ এক লিটার খেতেন ঠিকই। কিন্তু লস্যি আবাল্য নাসপসন্দ। ছুঁয়েও দেখেননি কোনওদিন!