
শেষ আপডেট: 29 April 2024 19:31
দ্য ওয়াল ব্যুরো: টস-ভাগ্য খুব একটা ভাল নয় শ্রেয়স আইয়ারের। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ফের টসে হারল। সোমবার ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
ইডেনের উইকেট নিয়ে নানারকম বিভ্রান্তি ছিল কলকাতার। তারা সবকিছু করেই দেখেছে, কিন্তু কিছুতেই পিচের চরিত্র বুঝতে পারছে না। দিল্লি দলের মেন্টর কাম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরের মাঠে চরিত্র ভাল বোঝেন। মনে করা হচ্ছে, দিল্লি ড্রেসিংরুমে এই সিদ্ধান্তের পিছনে মস্তিষ্ক সৌরভের।
এই ম্যাচে কলকাতার হয়ে ফিরলেন ২৫ কোটির পেসার মিচেল স্টার্ক। এমনকী এলেন বৈভব অরোরাও। বাকি দল অপরিবর্তিত থাকল। গত ম্যাচে নাইটরা সর্বাধিক রান করলেও হেরে গিয়েছিল ম্যাচে।
সোমবারের ম্যাচ কেকেআরের কাছে পরীক্ষার। কারণ এই ম্যাচ হারলে তাদের প্লে অফের অঙ্ক কঠিন হবে। পাশাপাশি দিল্লি দল টানা তিনটি ম্যাচ জিতে যাবে। তারা শেষের দিকে জ্বলে উঠেছে। আইপিএলের পয়েন্ট তালিকায় সব দলই কাছাকাছি অবস্থানে রয়েছে। তাই কলকাতার কাছে ম্যাচ হার মানে অনেকটা পিছিয়ে পড়া।
দিল্লি ও কলকাতার এই ম্যাচটি হবে রাজস্থানের বিরুদ্ধে শ্রেয়সরা যে পিচে খেলেছিলেন, সেই একই পিচে। দিল্লি এই ম্যাচে দলে রাখেনি বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশ কুমারকে, যিনি শেষ ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচের রং বদল করে দিয়েছিলেন। তিনি কী করে বাদ পড়লেন, সেটাই রহস্যের বিষয়। কারণ মুকেশের কাছে ইডেন ঘরের মাঠ, তিনি পরিবেশ পরিস্থিতি জানতেন। যদিও দিল্লি দলে বাংলার ছেলে অভিষেক পোড়েলকে দলে রাখা হয়েছে।