
শেষ আপডেট: 10 June 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে দুটি ম্যাচে হেরেছে পাকিস্তান। তাদের বিদায় প্রায় নিশ্চিত। আমেরিকার কাছে হারের পরে ভারতের কাছে জেতা ম্যাচ হাডসন নদীতে ফেলে এসেছেন বাবর আজমরা।
ম্যাচের একটা সময় ৭৩/৩ থেকে মাত্র ১১৩ রানে শেষ হয়ে গিয়েছে। ৪৯ বলে ৫০ রান করলে জিতবে, এমন সহজ পরিস্থিতিকে জটিল করে ম্যাচ হেরেছে পাক দল। ওই হারের পরে সর্বত্রই সমালোচিত হচ্ছেন পাক ক্রিকেটাররা।
রবিবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে পাক দলের হারের পরে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে দিল্লি পুলিশ। তারা সোমবার সকালেই সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছে। ওই পোস্টে নিউইয়র্ক পুলিশকে ট্যাগ করে তারা লিখেছে, রবিবার হারের পরে আমরা দুটি আওয়াজ পেয়েছি। একটি, ভারত, ভারত চিৎকার। অন্যটি টিভি ভাঙার আওয়াজ!
Hey, @NYPDnews
— Delhi Police (@DelhiPolice) June 9, 2024
We heard two loud noises. One is "Indiaaa..India!", and another is probably of broken televisions. Can you please confirm?#INDvsPAK#INDvPAK#T20WorldCup
ভারতের কাছে হারের হতাশা ঢাকতে পাক সমর্থকরা নিজের বাড়ির টেলিভিশন সেট ভেঙে ফেলেন। এবারও সেটি হয়েছে, সেই অনুমান করেই এমন মজার পোস্ট করেছে দিল্লি পুলিশ।
এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের ওই পোস্টের পরে নেটিজেনদের একাংশও মজা করতে শুরু করেছে পাক দলকে নিয়ে। তাদের একটা বড় অংশ বলতে শুরু করেছেন, পাক দলের জন্য একজন মনোবিদ দরকার। যিনি বলে দেবেন কী করে সহজ ম্যাচ সহজভাবে জিততে হয়!
কেউ আবার লিখেছেন, বিশ্বকাপের আগে পাক দলের কমান্ডো ট্রেনিং ঠিকমতো হজম হয়নি। যে কারণে বিশ্বকাপের দুটি ম্যাচেই চনমনে থাকার বদলে তাদের খুবই স্লথ দেখিয়েছে। ভারতীয় দলের এত কম সংগ্রহের পরেও পাক দল এভাবে ম্যাচ হারবে, কেউ ভাবতেও পারেনি।