
শেষ আপডেট: 2 January 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেটে এমন কৃতিত্ব কারও নেই। সেদিক থেকে দীপ্তি শর্মা বিশেষ নজির গড়লেন। তিনিই প্রথম কোনও ভারতীয় মহিলা বোলার, যাঁর নামের পাশে টি ২০ এবং ওয়ান ডে ক্রিকেটে দুটি ক্ষেত্রেই সেঞ্চুরি উইকেট। দীপ্তি ওয়ান ডে-তে ১০০ উইকেট নিয়ে ঝুলন গোস্বামী, নীতু ডেভিড ও নৌশিনের পরে ওডিআই-তে ১০০ উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফোবে লিচফিল্ডকে আউট করার পরেই এই বিরল নজির গড়েন দীপ্তি। যিনি বাংলার হয়ে ঘরোয়া মরশুম খেলছেন। অজিদের দলের দুই ওপেনার রেকর্ড গড়েছেন।
২০ বছরের বিস্ময় বালিকা ফোবে লিচফিল্ড (১২৫ বলে ১১৯) ও অ্যালিসা হিলি (৮২) ওপেনিং জুটিতে তোলেন ১৮৯ রান। ভারতের মাঠে যা সর্বোচ্চ ওপেনিং জুটি অজিদের। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া মহিলা দল করেছে ৩৩৮/৭। বিনিময়ে ভারতীয় মহিলা দল করেছে ১৪৮ রান। হরমনপ্রীত কাউররা হারলেন ১৯০ রানে।
চলতি ওয়ান ডে সিরিজে ভারতীয় দল হারল ০-৩ ব্যবধানে। ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে দলের এই করুণ হার লজ্জারই। তার মধ্যেই এদিন দীপ্তির নজিরও ম্লান হয়েছে এই বড় হারের কারণে।