
ফাইল ছবি
শেষ আপডেট: 10 December 2023 18:13
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিল, এবার সেটাই সত্যি হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি২০ সিরিজেই অনিশ্চিত হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা দীপক চাহার। বাবার অসুস্থতার কারণে এখনও ভারতীয় শিবিরে যোগ দিতে পারেননি তিনি।
আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে। বিসিসিআই সূত্রে খবর, প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে থাকবেন না চাহার। শুধু তাই নয়, বাকি সিরিজেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচে খেলেছিলেন চাহার। পঞ্চম ম্যাচে তাঁর খেলার কথা থাকলেও খেলতে পারেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, পারিবারিক সমস্যার কারণে বাড়িতে ফিরতে হয়েছে চাহারকে। পরে জানা যায়, চাহারের বাবা অসুস্থ। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
এই ব্যাপারে চাহার পরে জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে যতদিন পর্যন্ত না তিনি পুরোপুরি ঠিক হবেন ততদিন কোথাও খেলতে যেতে পারবেন না। তারপর থেকেই জল্পনা শুরু হয় দক্ষিণ আফ্রিকা সিরিজে আদৌ পাওয়া যাবে তো চাহারকে?
দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ ও ওয়ানডে সিরিজের ভারতীয় স্কোয়াডে চাহারকে রাখা হয়েছে। তবে বাবার অসুস্থতার কথা আগেই চাহার রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের জানিয়ে দেন। তাঁকে ছাড়াই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিল। আশা করা হয়েছিল সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন ভারতীয় পেসার। যদিও প্রথম টি২০ ম্যাচের আগে তা হচ্ছে না, তা স্পষ্ট। রবিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে ডারবানে শুরু হবে ম্যাচ।