
শেষ আপডেট: 6 December 2023 20:32
দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত জয় আর্সেনালের। সাত গোলের থ্রিলারের ম্যাচে আর্সেনাল ৪-৩ গোলে হারিয়েছে লুটন টাউনকে। ম্যাচের নির্ধারিত সময়ে ফল ছিল ৩-৩। ইনজুরি টাইমের ছয় মিনিটে আর্সেনালের পক্ষে ডেকলান রিসি গোল করে জিতিয়ে দেন।
শেষ মুহূর্তে ইংলিশ তারকার দুর্দান্ত গোলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষেই থাকল ক্লাবটি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।
আওয়ে ম্যাচে আর্সেনালের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। ম্যাচের ২০ মিনিটের মাথায় বুকায়ো সাকার পাস থেকে বল নিয়ে লুটনের জালে জড়িয়ে দেন আর্সেনাল ফরোয়ার্ড।
এর মাত্র ৫ মিনিট পর গাব্রিয়েল ওসোর গোলে সমতায় ফেরে লুটন। বিরতিতে যাওয়ার মুহূর্তে ব্রাজিলীয় গাব্রিয়েল জেসুসের গোলে আবারও ২-১ এগিয়ে যায় দ্য গানার্সরা।
দ্বিতীয়ার্ধে নেমে ৪৯ মিনিটে লুটনকে ২-২ গোলে সমতায় ফেরান ইলিজা এডেবায়ো। ৫৭ মিনিটে রস বার্কলির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লুটন। তিন মিনিট পরেই আর্সেনালকে ৩-৩ গোলে সমতায় ফেরান কাই হ্যাভার্টজ। এরপর জয়সূচক গোল করতে মরিয়া হয়ে উঠে দু’দল। শেষ মুহূর্তের গোলে ঝলকানি আর্সেনালের।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মরশুমে ১৫ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যান সিটি।