দ্য ওয়াল ব্যুরো: ফিরে এল আন্দ্রে এসকোবারের স্মৃতি। ২৪ তম বর্ষপুর্তির দিনেই। ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্টের পর থেকেই হুমকি পাচ্ছেন ম্যাথিয়াস উরিবে ও কার্লোস বাক্কা। এমনকী খুন করার হুমকিও দেওয়া হয়েছে এই দুই খেলোয়াড়কে।
প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বিয়ার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই এগিয়ে থাকা অবস্থায় বল বারে মারেন উরিবে। অন্যদিকে বাক্কার শট বাঁচিয়ে দেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডন পিকফোর্ড। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। এই হারের পরেই দুই ফুটবলারকে কাঠগড়ায় তুলে তীব্র সমালোচনা শুরু হয়। তাঁদের বলা হয়, "তোমাদের আর দেশে ফেরার দরকার নেই। দেশের কেউ তোমাদের চায় না।" এমনকী খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করে ফেলেছিলেন কলম্বিয়ারই আন্দ্রে এসকোবার। সেই গোলেই সেবার ছিটকে যেতে হয়েছিল কলম্বিয়াকে। তবে জীবন দিয়ে সে হারের মূল্য চোকাতে হয়েছিল এসকোবারকে। হত্যা করা হয়েছিল তাঁকে। ঘটনাচক্রে কলম্বিয়ার ম্যাচের দিনই ছিল সে ঘটনার ২৪ তম বর্ষপূর্তি। সেই ঘটনার নজির টেনেই হুমকি দেওয়া হচ্ছে কলম্বিয়ার এই দুই ফুটবলারকেও।
পুরো ঘটনাই অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। খেলায় হার-জিত থাকে। তবে সে কারণে কোনও ফুটবলারকে জীবন দিতে হবে বা শাস্তির মুখে পড়তে হবে, এই পরিস্থিতি কোনওভাবেই বাঞ্ছনীয় নয়। এর আগে সৌদি আরবের দুই খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হয়েছিল। দক্ষিণ কোরিয়ার ফুটবলারদেরও শাস্তির মুখে পড়ে সেনায় যোগ দিতে হবে বলে জানা গিয়েছিল।
বিশ্বকাপের মঞ্চে যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছেন নতুন প্রতিভারা, তেমনই স্বপ্নভঙ্গও হচ্ছে বেশ কিছু দলের। কিন্তু নিজের ভুলের খেসারত জীবনের বিনিময়ে চোকানোর হুমকি বিশ্বকাপের জৌলুস খানিকটা ফিকে করে দিচ্ছে বলেই মত ফুটবল বিষেশজ্ঞদের।