
শেষ আপডেট: 12 October 2023 17:23
দ্য ওয়াল ব্যুরো: ৪০ বছরের জার্নি। সেইসময় দিল্লি ক্রিকেট শাসন করতেন মহিন্দার অমরনাথ, সুরিন্দর খান্নারা। সেইসময় থেকেই দিল্লি ক্রিকেট ড্রেসিংরুমের দায়িত্বে বিনোদ কুমার। যাঁকে দিল্লি সংস্থার কর্তা থেকে ক্রিকেটাররা ডাকেন বিনোদজি বলে।
বিনোদজি মানে সবকিছুর মুশকিল আসান। ড্রেসিংরুমের ইনচার্জ তিনি দীর্ঘদিন। কার ভাল ব্যাট দরকার, কার দরকার ভাল একটা ম্যাসাজ, কেউ চাইছেন নতুন একটা জার্সি, সবের জন্য রয়েছেন এই প্রবীন অ্যাটেন্ডার।
গৌতম গম্ভীর, বিরাট কোহলিদের কাছেও খুব প্রিয় বিনোদজি। নিজের জীবনটাই কাটিয়ে দিলেন ড্রেসিংরুমের অলিগলিতে। দিল্লির ফিরোজ শা কোটলা মাঠে ভারত ও আফগানিস্তান ম্যাচ শেষে কোহলি, রোহিতরা সই করা টিম ইন্ডিয়ার জার্সি তুলে দিলেন তাঁর হাতে।
বিনোদজি খুব খুশি। তাঁর সামনে তারকা হন ক্রিকেটাররা। কেউ মনে রেখে দেন, কেউ দেখেও চিনতে পারেন না। দিল্লি ক্রিকেট সংস্থার এই কর্মী অবশ্য সরল, সাদাসিধে। সবসময় মুখে হাসি লেগে রয়েছে। কোহলিরাও সম্মান দিলেন এই কর্মীকে, যিনি ক্রিকেটারদের বৃত্তে থেকেও তাঁদের মানসিকতাও ধরে ফেলেছেন।