
শেষ আপডেট: 1 January 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ম্যাচ থেকে তিনি অবসর নিচ্ছেন, তা আগেই ঘোষণা করেছিলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে বুধবার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন তিনি। আর ঠিক নতুন বছর শুরুর দিনেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানালেন অজি তারকা।
আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ওয়ার্নার শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। তারপর অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে থাকলেও একদিনের ম্যাচ খেলেননি। বছরের প্রথম দিনেই ওডিআই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি। তবে এও বলে রাখলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি দলের তাঁকে প্রয়োজন হয় তবে অবশ্যই তিনি ভেবে দেখবেন।
সোমবার এসসিজিতে ডেভিড ওয়ার্নার বলেন, "আমি একদিনের ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ খেলার সময় থেকেই অবসর নেওয়ার কথা ভাবি। ওখানে বিশ্বকাপ জেতা বড় প্রাপ্তি।"
তিনি আরও বলেন, "আমার এই সিদ্ধান্ত এক দিনের দলকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে। আমি জানি চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। যদি সেই সময় পর্যন্ত অর্থাৎ আগামী দুই বছর আমি ক্রিকেট খেলি এবং (পড়ুন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড) যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে আমাকে পাওয়া যাবে।'
এই বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনার নিজের কেরিয়ারে ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৫৯ ইনিংসে তাঁর মোট রান ৬৯৩২। গড় ৪৫-এরও বেশি। ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার।