
শেষ আপডেট: 16 November 2023 19:02
দ্য ওয়াল ব্যুরো: আকাশের মুখ ভার সকাল থেকেই। ইডেনে সেমিফাইনাল চলতে চলতে ১৪ ওভারের মাথায় বৃষ্টিতে খেলাও বন্ধ। এমন পরিবেশে টসে জিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং নিয়ে কি ভুল করল? মাঠে সেই নিয়ে আলোচনা চলছিল।
ইডেনে সবসময় আগে বোলিং করা দল বোলিংয়ে সুবিধা পায়। গঙ্গার হাওয়া বলে সুইং করে বেশি। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে অজি বোলারদের দাপট সেই কারণে কিনা সেই নিয়ে কথা বলছিলেন ধারাভাষ্যকাররাও।
শেষমেশ দক্ষিণ আফ্রিকা লড়াই করার মতো ২১২ রান তুলতে পেরেছে ডেভিড মিলারের সেঞ্চুরির সৌজন্যে।
লড়লেন শুধু ৩৪ বছরের বাঁহাতি ব্যাটার ডেভিড মিলার। ২৪ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে মিলার একা দুর্গ রক্ষা করলেন। অজি পেসারদের মধ্যে শুরুতেই ঝলসে উঠেছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। এমনকী স্পিনার ট্রাভিস হেড পরপর দু’বলে ফিরিয়েছেন হেনরিচ ক্লাসেন (৪৭) ও মার্কো জেনসেনকে (০)। স্টার্ক ও কামিন্সের ঝুলিতে তিনটি উইকেট।
মিলারই টানলেন পুরো দলকে। তিনি সেঞ্চুরি করে ফিরলেন কামিন্সের বলে। মিলারের ১০১ রানে রয়েছে ৮টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। মিলার আরও দু’ওভার টিকে থাকলে লড়াইয়ের আরও জমি তৈরি হতো প্রোটিয়াদের। এবার তাদের কাজটি কঠিন হল। কারণ অজি ব্যাটাররাও ছন্দে ফিরে গিয়েছেন।