দ্য ওয়াল ব্যুরো: পিএসজি যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলীয়দের জন্য। প্রথমে নেইমারের চোট। তারপর সেসব সারিয়ে নেইমার আস্তে আস্তে যখন ছন্দে ফিরছেন তখনই চোট পেয়ে ফ্রান্সের ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলার সময় মাটিতে লুটিয়ে পড়লেন দানি আলভেস। শেষ। চিকিৎসকরা জানিয়ে দিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর।
যেকোনও ফুটবলারের কাছেই বিশ্বকাপ স্বপ্নের মঞ্চ। আর ঠিক একমাস আগে এরকম একটা চোট যেন তীরে এসে তরী ডোবা। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন প্রাক্তন বার্সা তারকা। কিন্তু সেই দানি আলভেস সত্যিটা মেনে নিয়েই জানিয়ে দিলেন আসছে বছর আবার হবে। ফিফার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয় দানি বলেছেন, ‘আমার স্পিরিট এখন ১৩ বছরের কিশোরের মতো। ২০২২ সালে আমার শরীরের বয়স হবে ৩৯ আর আর স্পিরিট হবে ১৭ বছরের তরুণের মতো। কে বলতে পারে আমি টিমের সঙ্গে থাকব না!’
৩৯ বছর বয়সটা বিশ্বকাপ খেলার ক্ষেত্রে অনেকটাই বেশি। তবু কেই বা বলতে পারে ব্যতিক্রমী হবেন না দানি আলভেস!