
শেষ আপডেট: 10 October 2023 19:35
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের একটা পদকই জীবন বদলে দিল রামবাবুর। গেমসে ৩৫ কিলোমিটার মিক্সড ডাবলসে রামবাবু ব্রোঞ্জ জিতেছেন। যিনি করোনাকালের পরে ১০০ দিনের কাজও করেছেন। সেইসময় দৈনিক মজুরি ছিল ১০০ টাকা।
শুধু তাই নয়, কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার আরও অভিজ্ঞতা রয়েছে উত্তরপ্রদেশের এই দূরপাল্লার অ্যাথলিটের। তিনি হোটেলে ওয়েটারের কাজও করেছেন।
আদতে তিনি একজন ভাল অ্যাথলিট। কোনও চাকরি পাননি, বলা ভাল চাকরির আবেদন জানিয়েও লাভ হয়নি। ক্রীড়া মন্ত্রকের কর্তারা তাঁর কথা জেনেও উদাসীন থেকেছেন। এবার চিনের গুয়াংজু গেমসে ব্রোঞ্জ পদক জিতে আসার পরেই তাঁকে নিয়ে হুলস্থুল শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, কঠিন লড়াই করে দেশকে পদক জিতিয়ে তিনি তরুণ প্রজন্মের কাছে রোলমডেল হয়ে উঠেছেন।
উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বেহুরার মতো এক অখ্যাত গ্রাম থেকে উঠে এসে রামবাবুর লড়াই ইতিহাস হয়ে গিয়েছে। তিনি ১০০ দিনের কাজে মাটি খোঁড়ার কাজ করেছেন। বাবা ভ্যানচালক, মা নির্মাণকর্মীর কাজ করেন। ভারী বস্তা বয়ে বেড়ান।
যে সংসারে এত অভাব, সেই ঘরেই সাফল্যের পূর্ণিমার চাঁদের আলো আজ। রামবাবু তাই গেমসেই পদক জেতেননি, জীবনযুদ্ধে জেতার পাশাপাশি তিনি ভারতের ১৩০ কোটি মানুষের হৃদয়ও জিতেছেন।
দেশে ফিরতেই রামবাবুর জন্য রেলের চাকরির প্রস্তাব। সুন্দর একট ফ্ল্যাটের আয়োজনও করে রেখেছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডেকেছেন চা-চক্রে। রামবাবুর জীবনটাই বদলে গিয়েছে গেমসের পদক জয়ে।