
শেষ আপডেট: 23 May 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কোচ হওয়ার দৌড়ে আপাতত তিনজনের লড়াই। দু’জন বিদেশি, আর দেশের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। বিদেশিদের মধ্যে দৌড়ে রয়েছেন স্টিফেন ফ্লেমিং ও জাস্টিন ল্যাঙ্গার।
চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে রীতিমতো সফল ফ্লেমিং। তিনি দলের পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে রয়েছেন। কিউই দলের প্রাক্তন তারকাকে ভারতীয় বোর্ড কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু ফ্লেমিং এখনও সম্মতি দেননি। এদিন চেন্নাই সুপার কিংসের মুখ্য আধিকারিক কাশী বিশ্বনাথন বলেছেন, আমার মনে হয় না, স্টিফেন ভারতের কোচ হওয়ার জন্য রাজি হবেন। কারণ ও আমাদের সংসারে ভালই রয়েছে।
পাশাপাশি এম এস ধোনি নিয়েও মুখ খুলেছেন চেন্নাইয়ের ওই কর্তা। ধোনি নিয়ে চেন্নাই দলের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, আমাদের আশা মাহি সামনের বারও আইপিএল খেলবে। তবে আমাদের কিছু জানায়নি অবসর নিয়ে। আসল সিদ্ধান্ত ধোনিই নেবে। তবে আমাদের কিছু জানালে সেটি মিডিয়াকে জানানোর দায়িত্ব আমাদেরও।
ধোনি এই মুহূর্তে রাঁচিতে থাকলেও কয়েকদিনের মধ্যে চলে যাবেন লন্ডনে। তিনি সেখানে হাঁটুর অস্ত্রোপচার করাবেন। হাঁটুর চোটের ওপর নির্ভর করছে তিনি ভবিষ্যতে কী করবেন। গতবারও চোটের কবলে ছিলেন প্রাক্তন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
চোট থেকে ফিরে এসে এবারও তাঁকে সপ্রতিভ মেজাজে দেখা গিয়েছে। তিনি আট নম্বরে নেমে নিজের সেরা ক্রিকেট উপহার দিয়েছেন। অবশ্য ধোনি জানিয়েছিলেন, তিনি ফিট থাকার জন্য সারাবছর নানা ট্রেনিং করে থাকেন। অবসরের পরে কী করবেন, সেটিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি।