
গোলের পরে উচ্ছ্বাস রোনাল্ডোর।
শেষ আপডেট: 12 June 2024 21:13
দ্য ওয়াল ব্যুরো: আল নাসেরের হয়ে গোলের মধ্যেই ছিলেন। এবার জাতীয় দলের হয়ে জোড়া গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দুরন্ত ফুটবলে পর্তুগাল ৩-০ গোলে জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ইউরো কাপের আগে এই প্রীতি ম্যাচে রোনাল্ডোর ফুটবলে আশ্বস্ত হতে পারেন সমর্থকরা।
ঘরের মাঠে এটিই হতে পারে রোনাল্ডোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিংবদন্তি এই ফুটবলারকে যেন বিদায়কে স্মরণীয় করে রাখলেন! ইউরোর প্রস্তুতিপর্বে দাপুটে ফুটবল খেলেই জিতেছে পর্তুগাল। জোড়া গোলের পরে রোনাল্ডো বলেছেন, আমার হাতে আর বেশি সময় নেই। তিনি যে অবসরের আভাস দিলেন, সেটি পরিষ্কার।
ম্যাচের ১৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দিয়েছেন, বিপক্ষ গোলরক্ষক নড়ারও সময় পাননি। চার মিনিট পর রোনাল্ডো প্রথম গোল পেতে পারতেন। তাঁর ফ্রি-কিক ডানদিকের পোস্টে লেগে ফিরে আসে।
রোনাল্ডোকে আটকে রাখতে দিশেহারা হয়ে গিয়েছেন আইরিশ ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
১০ মিনিট পরে বক্সের মধ্যে দিয়েগো জোতার পাসে ফের বাঁ পায়ে জাল কাঁপান রোনালদো। ২০৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৩০টি গোল হয়ে গেল সিআর সেভেনের।
দলের তারকা ফুটবলার নেভেস আইরিশ ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রোনাল্ডো যে কোনও ম্যাচেই ২০০ গুন দেন, আজও তাই প্রমাণিত। তাঁর সঙ্গে খেলা গৌরবের, তৃপ্তিরও।